ন্যূনতম বেতন স্কেল বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। একই দাবিতে পরে তাঁরা কারখানার প্রশাসনিক ভবন ঘেরাও করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কারখানার প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা। সমাবেশে ছয় দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন কারখানার সিবিএ সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিলসহকারে গিয়ে কারখানার প্রশাসনিক ভবন ঘেরাও করেন। এ সময় কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমর কুমার বিশ্বাসও তাঁদের ছয় দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন।
কারখানার সিবিএ নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সরকারের কাছে ন্যূনতম বেতন স্কেল, মাতৃত্বকালীন ছুটির সময় বৃদ্ধি, অবসরভাতা-গ্র্যাচুইটিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।