ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি তৈমুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
অবিলম্বে শ্রমিক-মালিকদের যৌথ স্বার্থ রক্ষা করে ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে বিএনপি-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল ওই মানববন্ধনের আয়োজন করে।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তৈমুর আলম খন্দকার আরও বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন বিভিন্ন শিল্পাঞ্চলে যেসব ঘটনা ঘটেছে, তা সরকার তার এজেন্ট দিয়ে ঘটিয়ে শ্রমিকদের ওপর চাপানোর চেষ্টা করছে।
গার্মেন্টস শ্রমিক দল জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন কাউসারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, জেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক দল জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মো. খোকন প্রমুখ।
এদিকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সকালে ন্যূনতম মজুরি আট হাজার টাকা করা, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও সংশোধিত শ্রম আইন বাতিলের দাবিতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় মানববন্ধন করে।
এ সময় তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক ফ্রন্টের জেলা সংগঠক সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, এস এম কাদির, মোবারক হোসেন, আফরোজা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে সিদ্ধিরগঞ্জে মিছিল বের করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা-কর্মীরা।