ন্যূনতম মজুরি আট হাজার ২০০ টাকা করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্পে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ বিশ্লেষণ ও প্রস্তাবনা শীর্ষক সিপিডির সংলাপে আলোচকেরা ষ প্রথম আলো
পোশাকশিল্পে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ বিশ্লেষণ ও প্রস্তাবনা শীর্ষক সিপিডির সংলাপে আলোচকেরা ষ প্রথম আলো

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার ২০০ টাকা পুনর্নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে সব ধরনের পোশাক কারখানার জন্য এটি দুই ধাপে বাস্তবায়ন করা যেতে পারে বলে মনে করে সিপিডি।
এই মজুরির ৮০ শতাংশ বা ছয় হাজার ৫৬০ টাকা প্রথম বছরে শ্রমিকদের দেওয়া যেতে পারে। এর মধ্যে মূল বেতন চার হাজার ৩০০ টাকা, বাড়িভাড়া (মূল বেতনের ৪০ শতাংশ) এক হাজার ৭২০ টাকা এবং চিকিৎসাভাতা ৫৪০ টাকা। আর দ্বিতীয় বছরে বাকি ২০ শতাংশ বা এক হাজার ৬৪০ টাকা যোগ হয়ে মোট মজুরি দাঁড়াবে আট হাজার ২০০ টাকায়।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এক সংলাপ অনুষ্ঠানে এমনই বিশ্লেষণ তুলে ধরেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রধান অতিথি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন।
বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি তুলে ধরেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
দারিদ্র্যের উচ্চসীমা, প্রকৃত ব্যয় এবং পুষ্টিগুণসম্মত খাদ্য—এই তিনটি বিষয়কে ভিত্তি ধরে শ্রমিকদের মজুরি কেমন হওয়া উচিত, তা বিশ্লেষণ করেছে সিপিডি। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে পরিবারের সদস্যসংখ্যা, খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় এবং মূল্যস্ফীতি।
সিপিডির হিসাবে, দারিদ্র্যের উচ্চসীমা ভিত্তি ধরে একজন বিবাহিত শ্রমিকের মাসে মজুরি ছয় হাজার ৪৪৪ টাকা, প্রকৃত ব্যয়কে ভিত্তি ধরে বিবাহিত শ্রমিকের আট হাজার ২১৬ ও অবিবাহিত শ্রমিকের সাত হাজার ১৭৪ টাকা এবং পুষ্টিগুণসম্মত খাদ্যকে ভিত্তি ধরে বিবাহিত শ্রমিকের ১৭ হাজার ৮৩৭ ও অবিবাহিত শ্রমিকের ছয় হাজার ৭৫০ টাকা মজুরি হওয়া উচিত।
এসব উল্লেখ করে গোলাম মোয়াজ্জেম বলেন, শ্রমিকের ন্যূনতম মজুরি দারিদ্র্যসীমার নিচে থাকুক, তা সিপিডি চায় না। আবার দেশীয় বাস্তবতায় ১৭ হাজার ৮৩৭ টাকাও মজুরি দেওয়া সম্ভব নয়। সে কারণে শ্রমিকের জন্য সিপিডি ন্যূনতম আট হাজার ২০০ টাকা মজুরির সুপারিশ করছে। ন্যূনতম মজুরি বোর্ডকে শ্রমিক ও তার পরিবারের সদস্যদের খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয় বিবেচনায় নেওয়ারও পরামর্শ দিয়েছে সিপিডি।
উল্লেখ্য, মজুরি বোর্ডের কাছে শ্রমিকপক্ষ আট হাজার ১১৪ টাকা ও মালিকপক্ষ তিন হাজার ৬০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বর্তমানে পোশাক খাতের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা।
মোস্তাফিজুর রহমান বলেন, ভালো মজুরি যেন শ্রমিকেরা পান, সে ধরনের মানসিকতা পোশাকমালিকদের থাকতে হবে। আবার আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলো এ দেশের তৈরি পোশাকের ৬৫ শতাংশ মূল্য সংযোজন করে নিয়ে যাচ্ছে। তাদেরও শ্রমিকদের জীবনমান বাড়াতে কাজ করতে হবে।
নজরুল ইসলাম খান বলেন, যখন শ্রমিকদের মজুরি ছিল ৬২৭ টাকা, তখনো মালিকেরা বলেছিলেন এত মজুরি দিলে কারখানা বন্ধ হয়ে যাবে। মজুরি কয়েক গুণ বেড়ে তিন হাজার টাকা হয়েছে। এখনো বলছেন, এত মজুরি দিলে কারখানা বন্ধ হয়ে যাবে। এই জায়গায় কোনো পরিবর্তন আসেনি।
পোশাকমালিকদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বিদ্যুৎ বিল বাড়ছে, প্রতিবছর করের পরিমাণ বাড়ছে। প্রতিবাদ করতে পারেন? প্রতিবাদ করতে পারেন শুধু শ্রমিকের মজুরি বাড়ানোর সময়। এটা বন্ধ করেন।’
নজরুল ইসলাম খান বলেন, ২০১০ সালের ওয়েজ বোর্ডে শ্রমিকের বাড়িভাড়া রাখা হয়েছে ৮০০ টাকা। ৮০০ টাকায় বাড়ি কেন, বারান্দাও ভাড়া পাওয়া যাবে না।
ইসরাফিল আলম বলেন, মজুরি বাড়ানোই বড় কথা নয়। এই মজুরিকে সুরক্ষা দিতে হবে। এক মাস পর যদি বাড়িভাড়া বেড়ে যায়, তখন শ্রমিকেরা কী করবেন? মালিকদের উদ্দেশে তিনি বলেন, পোশাকশ্রমিকদের কম মজুরি দিয়ে এ খাত চালাতে পারবেন না।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম পোশাকমালিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবদিকই বেড়ে যাচ্ছে। আগে একটি কারখানা ছিল, এখন ১০টি কারখানা হয়েছে। আগে ২৫০ জন শ্রমিক কাজ করতেন, এখন করেন ২০ হাজার। খালি শ্রমিকদের বেতন বাড়ানোর বেলায় আপনারা নেই।’
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল শ্রমিকের বর্তমান মজুরি যে যথেষ্ট নয়, তা পরোক্ষভাবে স্বীকার করেন। তিনি বলেন, আট ঘণ্টার মজুরি যদি যথেষ্ট হতো, তাহলে অতিরিক্ত কাজের (ওভারটাইম) জন্য শ্রমিকেরা এত উদ্গ্রীব হতেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশের পোশাকশিল্প দুই হাজার কোটি ডলারের। টাকার অঙ্কে ১৬ হাজার কোটি টাকা (এক ডলারকে ৮০ টাকা ধরে)। প্রতি ১০০ ডলার রপ্তানিতে মালিকেরা যদি দুই ডলার মুনাফা করেন, তাহলে তিন হাজার ২০০ কোটি টাকা তাঁদের মুনাফা থাকে। এ টাকা থেকে যদি মালিকেরা ২৫ শতাংশ ছাড় দেন, তাহলেই শ্রমিকদের আট হাজার টাকা করে মজুরি দেওয়া সম্ভব হবে।
সংলাপ অনুষ্ঠানে সাংসদ অপু উকিল ও সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, বিলসের সহকারী নির্বাহী পরিচালক সুলতান হোসেন, শ্রমিকনেতা কামরুল আনাম, জাহানারা বেগম, তৌহিদুর রহমান, শামীমা নাসরিন প্রমুখ বক্তব্য দেন। শ্রমিকনেতারা এ সময় বলেন, এখন যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, তা শুধু মালিকদের দিক থেকে মাত্র ৬০০ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবের কারণেই হয়েছে। অথচ মজুরি ভিক্ষা না, দয়ার দান না, মজুরি শ্রমিকের কর্মের দাম। এর ন্যায্যমূল্য দিতেই হবে।