ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি স্কপের
শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে স্কপের নেতারা এ দাবি জানান।‘জাতীয় ন্যূনতম মজুরি দারিদ্র্যসীমার নিচে নয়’ শিরোনামে গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বলেন, একজন পূর্ণ বয়স্ক মানুষের সুষম খাদ্য গ্রহণ করতে হলে মাসে সাত হাজার ৩৮০ টাকা প্রয়োজন। অর্থনৈতিক ও সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।বেলজিয়াম, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, মেক্সিকো, পর্তুগাল ও স্পেনে প্রতিবছর ন্যূনতম মজুরি সমন্বয় করা হয় উল্লেখ করে রায় রমেশ বলেন,সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য ৫০ শতাংশ কমিয়ে আনতে মাথাপিছু আয় কমপক্ষে ১২০ ডলার বা আট হাজার ৪০০ টাকা হওয়া উচিত। স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস শিল্পের জন্য একটি ন্যূনতম মজুরি থাকলেও শ্রমিকদের জন্য সর্বজনীন কোনো মজুরি নীতিমালা নেই। শ্রমিকদের জন্য একটি ওয়েজ বোর্ড গঠন করে মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।গোলটেবিলের সঞ্চালক মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মজিবর রহমান ভূঁইয়া শিল্পপ্রতিষ্ঠানের শ্রম পরিবেশ ঠিক রাখতে বাজেট আলোচনায় স্কপের নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বন্ধ হয়ে যাওয়া সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত খোলার দাবি জানিয়ে শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার দাবি জানান। বৈঠকে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাফরুল হাসান।জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়। গতকাল সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সভাপতি আবদুল কাদের হাওলাদার ও নারী কমিটির সভাপতি বীণা শিকদার এই দাবি জানান। এ ছাড়া গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ আদমজী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক সমাবেশে এবং সর্বদলীয় গার্মেন্টস শ্রমিক ঐক্যের সভায় আলাদাভাবে একই দাবি জানিয়েছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকাসহ একটি নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়।