ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করার দাবি বিস্কুট কারখানা শ্রমিকদের
ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করার দাবি করেছে ঢাকা রুটি বিস্কুট ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে আট ঘণ্টার বেশি কাজের জন্য ওভারটাইম ভাতা, ঈদ ভাতা, আবাসনসুবিধা নিশ্চিত করা এবং নিয়োগ ও পরিচয়পত্র দেওয়ার দাবি জানানো হয়।বক্তারা অভিযোগ করে বলেন, এ খাতের শ্রমিকেরা এখন যে মজুরি পান, তা বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফলে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ওভারটাইম ভাতা এমনকি নিয়োগপত্র ছাড়া কাজ করতে হয়। তাঁরা অবিলম্বে দাবিদাওয়া মেনে নেওয়ার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।সংগঠনের সভাপতি অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী আকবর, সহসভাপতি মো. জালাল, সহসাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমুখ।বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতা কাজী মোহাম্মাদ আলীও এতে বক্তব্য দেন।