ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পে-কমিশনের ঘোষণার অসংগতি, অবনমন নিরসন, বেসরকারি কর্মচারীদের বেতন-ভাতার নীতিমালা প্রণয়ন ও শ্রমজীবীদের জন্য মজুরি স্কেল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল রোববার সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ দাবি জানান। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও সাংসদ থেকে শুরু করে জনপ্রশাসনের সর্বস্তরে বেতন-ভাতা প্রায় দ্বিগুণ বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেওয়া হয়েছে। এতে ‘জাতীয় ন্যূনতম মজুরি’ নির্ধারণ ও নতুন মজুরি স্কেল ঘোষণা করে ২০১৪ সালের জুলাই মাস থেকে তা কার্যকর করার দাবি জানানো হয়েছে।
মোট জনগোষ্ঠীর মাত্র ৪ শতাংশ লোক সরকারি বেতন ভোগ করেন। তাঁদের বেতন-ভাতা বাড়ানোর যৌক্তিকতা থাকলেও বাজারে মূল্যস্ফীতি ঘটেছে। এতে শ্রমজীবী মানুষ ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পক্ষে জীবনমান বজায় রাখা অসম্ভব হয়ে উঠেছে। তাই জাতীয় ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।