ন্যূনতম মজুরি ৮০০০ টাকা দাবি
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি আট হাজার টাকাসহ বিভিন্ন গ্রেডে মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (গার্মেন্ট টিইউসি) গতকাল রোববার দুপুরে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে তারা মজুরি বোর্ডে একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, তৈরি পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা না থাকায় ইতিমধ্যে ২০ শতাংশের বেশি শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে। কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের বর্তমান প্রাপ্ত মজুরিতে জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। খাদ্য, চিকিৎসা ও বিনোদনের ন্যূনতম চাহিদা পূরণ না হওয়ায় অকালে রোগাক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারাচ্ছেন তাঁরা। এ অবস্থায় পদবিন্যাস ও শ্রেণী অনুযায়ী সাতটি গ্রেডে ন্যূনতম আট হাজার থেকে ১৬ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, শ্রমিক নেতা মাহাবুব আলম, ইদ্রিস আলী, লিপি আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।