ন্যূনতম শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কারণ দর্শাও নোটিশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কলেজ থেকে ৬০০ মিটার দূরে মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়কে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এ কারণে মিরুখালী কলেজের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ন্যূনতম শিক্ষার্থী ভর্তি হয়নি। ফলে কলেজটিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড।
মিরুখালী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কালাম বলেন, ‘আমাদের কলেজের শিক্ষার্থীদের বেশির ভাগ মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা। শিক্ষা বোর্ড মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়ায় আমরা শিক্ষার্থী-সংকটে পড়েছি।’
মিরুখালী কলেজ সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী মূল প্রবেশপত্র জমা দিয়ে প্রথমে মিরুখালী কলেজে ভর্তি হয়। পরে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র না পেয়ে ওই শিক্ষার্থীরা মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ভর্তি হতে বাধ্য হয়। এ কারণে মিরুখালী কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ২৫ জন এবং মানবিক শাখার ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়নি।
১৪ সেপ্টেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মিরুখালী কলেজের ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক শাখার ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২৫ জন করে শিক্ষার্থী না থাকায় কলেজটির ওই শাখা ও বিষয়ের স্বীকৃতি কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।
মিরুখালী কলেজের প্রভাষক মো. তহিদুল ইসলাম বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ওই এলাকার শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০০৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে কলেজটি বরিশাল শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করে। এ ছাড়া তিনবার উপজেলায় পাসের হারে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। কিন্তু এ বছর মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়কে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়ায় কলেজটিতে ন্যূনতম শিক্ষার্থী ভর্তি হয়নি। মিরুখালী কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ২২ জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একই শাখায় ২২ জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি।
মিরুখালী কলেজের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য হুমায়ুন কবীর বলেন, গ্রামাঞ্চলের একটি প্রতিষ্ঠিত কলেজের অদূরে আরেকটি প্রতিষ্ঠানকে কলেজ শাখা খোলার অনুমতি দেওয়ায় প্রতিষ্ঠান দুটিতে শিক্ষার্থী-সংকট দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া এভাবে কলেজ প্রতিষ্ঠা করা হলে তা শিক্ষাবিস্তারে কোনো সুফল বয়ে আনবে না।
বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সরকারের বর্তমান গৃহীত নীতি হচ্ছে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়কে ক্রমান্বয়ে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করা। এখানে দূরত্ব কোনো বিষয় নয়। মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজকেও নোটিশ দেওয়া হবে।