ন্যূনতম সময় না দিয়েই সীমানাপ্রাচীর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম সময় না দিয়েই কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় কলেজ সড়কের কয়েকটি বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোটিশ দেওয়ার ৪৮ ঘণ্টা পর এসব প্রাচীর ভেঙে দেওয়া হয়।এ ব্যাপারে ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের নোটিশের পর কোনো রকম সুযোগ না দিয়ে স্থাপনা ভাঙা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। এসব ক্ষেত্রে সাধারণত ১৫ দিন অথবা অন্তত সাত দিন সময় দেওয়ার বিধান রয়েছে। তা ছাড়া ইউএনওর উচ্ছেদসংক্রান্ত কোনো নোটিশ দেওয়ার এখতিয়ার নেই।’ভুক্তভোগী বাড়ির মালিক এনামুল হক অভিযোগ করেন, সড়কসংলগ্ন ওই সীমানাপ্রাচীর তাঁর জায়গায়। ১৯৫৪ সাল থেকে তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। গত ২৮ মে রাতে ইউএনও-স্বাক্ষরিত একটি নোটিশে জানানো হয়, ওই জমির মালিক সরকার। এ ব্যাপারে গত ২৯ মে বেলা ১১টার মধ্যে জমির কাগজপত্র ইউএনওকে দেখানোর জন্য বলা হয়।এনামুল হকের ভাই এহসানুল হক বলেন, নোটিশ মোতাবেক তিনিসহ আরও কয়েকজন মিলে বেলা ১১টার দিকে ইউএনওর কার্যালয়ে গিয়ে জমির কাগজপত্র দেখান। কাগজপত্র দেখে ওই জমি পুনরায় জরিপ করা হবে বলে জানালে তাঁরা ফিরে আসেন। তিনি অভিযোগ করেন, জরিপ না করে গত ৩০ মে সকাল পৌনে নয়টার দিকে কয়েকজন লোক এসে সীমানাপ্রাচীর ভাঙা শুরু করে।ভুক্তভোগী শাহাজালাল বলেন, সীমানাপ্রাচীর ভাঙার ব্যাপারে তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাঁর বাড়ির সীমানার প্রায় ১০০ ফুট প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে।ইউএনও রাজিবুল ইসলাম বলেন, পৌরসভার আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক সম্প্রসারণের আওতায় এ কাজ করা হয়েছে। নোটিশের ব্যাপারে তিনি বলেন, ‘নোটিশে বেশি সময় দেওয়া দরকার ছিল। আর ইউএনও হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ পাঠানোর এখতিয়ার আমার আছে। তা ছাড়া গত ২৯ মে বিকেলে ওই জমি পুনরায় জরিপ করা হয়েছে।’ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমূল ইসলাম বলেন, জনস্বার্থে পৌর এলাকার সড়ক সম্প্রসারণের জন্য ইউএনওর কাছে আবেদন করা হয়েছিল। সে জন্য সড়কের দুই পাশের সরকারি জমিতে থাকা সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। স্বল্প সময়ের নোটিশের ব্যাপারে তিনি জানান, আইন মানতে গেলে ভাঙা সম্ভব হতো না। যাঁদের প্রাচীর ভাঙা হয়েছে, তাঁদের মধ্যে একটি পরিবার ছাড়া বাকি সবাই তা সাদরে গ্রহণ করেছেন বলে তিনি দাবি করেন।