নড়বড়ে ঘর, কষ্টে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়বড়ে দোচালা ঘর। দরজা-জানালা ভেঙে গেছে। ছোট তিনটি কক্ষ। গ্রীষ্মে ছাউনির টিনের গরমে হাঁসফাঁস করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। বর্ষায় টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়।
এই দুরবস্থা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিষ্ঠার ১০ বছরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টির জন্য ভবন নির্মাণ করেনি। এ কারণে ভাঙাচোরা ঘরে ঝুঁকি নিয়েই এখানে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা খাতুন বলেন, বৃষ্টি এলে টিন চুইয়ে পানি পড়ে। রোদ উঠলে টিনের তাপে ক্লাসে থাকা যায় না। বেঞ্চ-সংকটের কারণে শিশুদের এক বেঞ্চে ছয়জন করে বসে ক্লাস করতে হয়। আগে ২৫টি বেঞ্চ ছিল, সেগুলোও বেশির ভাগ ভেঙে গেছে। এখন ১৬২ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ১২টি বেঞ্চ আছে। এখানে চারজন শিক্ষক আছেন।
বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষিকা রুপালী খাতুন বলেন, ২০০৫ সালে ৩৩ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ঘরের বাঁশের খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে। চালের টিনে ছিদ্র। ঘরের বেড়াও ভেঙে পড়েছে। ভাঙা বেঞ্চে গাদাগাদি করে বসে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
চতুর্থ শ্রেণির ছাত্রী শারমিনা খাতুন বলে, ‘টিনের ছোট ঘরে বসে গরমে ক্লাস করতে কষ্ট হয়। বৃষ্টি হলে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে, বই-খাতা ভিজে যায়।’
রহিমাপুর গ্রামের অভিভাবক সাইদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ক্লাস হয় না বললেই চলে। আকাশে মেঘ দেখলেই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
প্রধান শিক্ষক আবদুল্লাহ আল-আমিন বলেন, বিদ্যালয়টির এই করুণ অবস্থার কারণে ছেলেমেয়েদের পড়ালেখায় খুবই ক্ষতি হচ্ছে। বিষয়টি স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, বিদ্যালয়টির সমস্যার কথা জানা আছে। শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে। ভবিষ্যতে যাতে অগ্রাধিকারের ভিত্তিতে ভবন নির্মাণ করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।