
টিনের লম্বা ঘর। জানালা নেই। ঝড় শুরু হলেই ঘরটি দুলতে থাকে। প্রচণ্ড ঝড় শুরু হলে শিক্ষক ও শিক্ষার্থীরা আশপাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এই ঘরেই ঝুঁকি নিয়ে চলছে দুই শতাধিক শিক্ষার্থীর পাঠদান।
এ চিত্র ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরের। এখানে শিক্ষক আছেন চারজন। বেঞ্চ-সংকটে শিশুরা মাটিতে বসে ক্লাস করছে।
বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। ৫০ হাত দীর্ঘ একটি টিনের দোচালা ঘর চার ভাগে বিভক্ত করে চারটি কক্ষ বানানো হয়েছে। এর একটিতে শিক্ষকেরা বসেন। আর তিনটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ নেই। ভাঙাচোরা দরজা-জানালার কারণে স্কুলঘরে শিক্ষাবিষয়ক উপকরণ রাখা যায় না। টিফিনের বিস্কুটসহ বিদ্যালয়ের যাবতীয় খাতা, কাগজপত্র ও অন্যান্য সামগ্রী শিক্ষকদের বাড়িতে রাখা হয়।
প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, ‘পাঠদান উপকরণ কেনার জন্য সরকারিভাবে যে অর্থ (স্লিপ নামক প্রকল্পের তহবিল) আমাদের বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা খরচ করে ঘরের চালে নতুন টিন লাগানো হয়েছে। ঘরের বেড়া মেরামত করা হয়েছে। তারপরও জোরে বাতাস বইলে ঘরটি দুলতে থাকে। তখন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এখানে ৫০ জোড়া বেঞ্চ লাগলেও আছে মাত্র ১০ জোড়া।’
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মো. আবদুস সাত্তার বলেন, তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে বিদ্যালয়ের দুরবস্থার চিত্র তুলে ধরে একটি পাকা ভবন নির্মাণের আবেদন জমা দিয়েছেন। কিন্তু কোনো জায়গা থেকে সাড়া পাওয়া যায়নি। নতুন ভবন না পাওয়ায় দুই শতাধিক শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
নান্দাইল উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অধীন যেসব বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, সেগুলোর তালিকা তৈরি করা হয়েছে। নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কী হয়েছে, তা নথি না দেখে বলা সম্ভব নয়।
উপজেলা প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দিষ্ট করা একটি সফটওয়্যারে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণবিষয়ক যাবতীয় তথ্য তুলে (আপলোড) দিই। নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কোনো প্রস্তাব আমার দপ্তরে আসেনি।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান বলেন, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে তালিকাভুক্ত না হলে তিনি সুপারিশ করবেন।
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলি নাজনীন বলেন, বিদ্যালয়টির বর্তমান অবস্থার কথা তাঁর জানা আছে। নতুন ভবন নির্মাণের তালিকায় বিদ্যালয়টির নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন বলে জানান তিনি।