নড়বড়ে জেটি, ঝুঁকিপূর্ণ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় যাত্রীদের ওঠানামার জন্য তৈরি করা চারটি জেটি নড়বড়ে হয়ে পড়েছে। তৈরির পর থেকে সংস্কার না হওয়ায় দুটি জেটির খুঁটি ও রেলিং ধসে পড়ার উপক্রম হয়েছে। এতে দ্বীপের প্রায় দুই লাখ মানুষকে ঝুঁকি নিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে যাতায়াত করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়ঘোপ স্টিমারঘাট জেটি, দরবারঘাট জেটি, ধুরুং ঘাট জেটি, আলী আকবরডেইল জেটি হয়ে দৈনিক অন্তত ১০ হাজার মানুষ পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট দিয়ে উঠে গাড়িতে করে কক্সবাজার অথবা চট্টগ্রামে যাতায়াত করছে। কিন্তু জেটিগুলো নড়বড়ে হয়ে পড়ায় লোকজনকে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে। বিশেষ করে দরবারঘাট জেটি দিয়ে যাত্রীদের ওঠানামায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অযত্ন-অবহেলায় পড়ে থাকায় ইতিমধ্যে জেটির রেলিং ভেঙে পড়েছে। নিচের কয়েকটি খুঁটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দরবারঘাট গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, এই জেটিঘাট দিয়ে দৈনিক লেমশীখালী, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নের কয়েক হাজার মানুষ পারাপার হয়। জেটিঘাটের পাশে রয়েছে আউলিয়া শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী (রহ.) কুতুব দরবার শরিফ। প্রতিবছর ১৯ ফেব্রুয়ারি কুতুব শরিফ দরবারের বার্ষিক ওরসে কয়েক লাখ মানুষের আগমন ঘটে। আগামী বার্ষিক ওরসের সময় নড়বড়ে জেটির কারণে সমস্যা দেখা দিতে পারে। যেকোনো সময় জেটি ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানায়, ২০০১-০২ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) কয়েক কোটি টাকা খরচ করে ৩০ মিটার লম্বা দরবারঘাট জেটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের পর থেকে কোনো ধরনের সংস্কার না হওয়ায় জেটিটি নড়বড়ে হয়ে পড়েছে। কুতুব শরিফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ বলেন, ‘দরবারঘাট জেটি সংস্কারের জন্য কয়েক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছি, কিন্তু সাড়া মিলছে না। ফলে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার চলছে।’ উপজেলা প্রকৌশলী মোহামঞ্চদ মহসীন বলেন, দরবার জেটির পাশে ১০৭ মিটার লম্বা আরেকটি নতুন জেটি নির্মাণের জন্য ছয় কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যান্য জেটির সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, কুতুবদিয়ায় জেটি ছাড়া ওঠানামার বিকল্প কোনো ব্যবস্থা নেই। জেটিগুলো ধসে পড়লে লোকজনের যাতায়াত একেবারে বন্ধ হয়ে যাবে।