নড়বড়ে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে কাউনিয়া উপজেলার মৌলভীবাজার এলাকায় সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সাঁকো তৈরি করে সেতুর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। নড়বড়ে এই সাঁকোর ওপর দিয়ে যাতায়াত ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
রংপুরে কাউনিয়া উপজেলার মৌলভীবাজার এলাকায় সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সাঁকো তৈরি করে সেতুর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। নড়বড়ে এই সাঁকোর ওপর দিয়ে যাতায়াত ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রংপুরের কাউনিয়া উপজেলার মৌলভীবাজার এলাকার একটি সেতুর সংযোগ সড়ক এক বছর আগে বন্যায় ভেঙে যায়। জনগণ তা সংস্কারের দাবি জানালেও মাত্র ১০০ গজ সড়ক আজও সংস্কার করা হয়নি। পরে স্থানীয় জনগণের উদ্যোগে সেখানে একটি সাঁকো তৈরি করে সেতুর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। এর ফলে আট গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র এই সাঁকো দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মৌলভীবাজার এলাকায় মানাস নদের ওপর এই সেতুটি নির্মিত হয় ২০১৪ সালের ৯ জুন। এক বছরের মধ্যে সেতুর সংযোগ সড়কটি পানির তোড়ে ভেঙে যায়। গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় জনগণ নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে সেতুর সঙ্গে সংযোগ স্থাপন করে। সাঁকোটি এখন নড়বড়ে।
সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এই সেতুর ওপর দিয়ে বালাপাড়া ইউনিয়নের আরাজি, হরিশ্বর, চর নাজিরদহ, ঠিকানার হাটসহ কয়েকটি এলাকার বাসিন্দাদের যাতায়াতে দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, বাঁশের তৈরি সাঁকোটির খুঁটিগুলো দুর্বল হয়ে পড়েছে। একসঙ্গে কয়েকজন চলাচল করলে তা দুলতে থাকে। সাঁকোটি দুই দিকে হেলে পড়েছে। এ অবস্থায় লোকজন দিনে কোনো রকমে চলাচল করলেও রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
গ্রামের কয়েকজন বলেন, আগে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করত। কিন্তু সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর থেকে পন্য নিয়ে যাতায়াতে খুব কষ্ট হয়। এতে আট গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন, ‘আমি সবেমাত্র নির্বাচিত হলাম। এই স্থানে সেতুসংলগ্ন সড়কটি খুব শিগগির নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’