নড়বড়ে সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার
বাঁশের সাঁকোটি নড়বড়ে। এরই ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে রংপুরের তারাগঞ্জ উপজেলার ১২টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের নদীপাড় গ্রামের দিনমজুর মমিনুল ইসলাম (৪৫) বলেন, ‘সেতুর জন্য চারটি সংসদ নির্বাচনে একবার নৌকা, আরেকবার ধানের শীষ, দুইবার লাঙল মার্কায় ভোট দিছিনো। কিন্তু সেতু পাই নাই।’
সরেজমিনে দেখা গেছে, হাড়িয়ারকুটি ইউনিয়নের খারুভাজ নদীর খারুভাজ ঘাটে নির্মিত বাঁশের সাঁকোটি বেশ নড়বড়ে। স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী ওই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জানপুর গ্রামের কৃষক এনামুল হক জানান, সাঁকো পেরিয়ে আট কিলোমিটার পথ গেলেই তারাগঞ্জ উপজেলা শহরে যাওয়া যায়। কিন্তু কৃষিপণ্য নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করা যায় না। এ কারণে ছয় কিলোমিটার বেশি পথ (মোট ১৪ কিলোমিটার) ঘুরে পারঘাট এলাকা দিয়ে কৃষিপণ্য নিয়ে তারাগঞ্জ হাটে যেতে হয়। এতে তাঁদের পণ্য পরিবহনের খরচ বেড়ে যায়।
স্থানীয় লোকজন জানান, উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে হাড়িয়ারকুটি ইউনিয়নে ১৯টি গ্রাম আছে। এর মধ্যে খারুভাজ, নদীপাড়, ঝাকুয়াপাড়া, পারঘাট, নেকিরহাট, বারোঘড়িয়া, চান্দেরপুকুর, মমিনপুর, শান্তিপাড়া, জানপুর, সৈয়দপুরসহ ১২টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে।
হাড়িয়ারকুটি ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল হক (৪০) বলেন, নির্বাচনের আগে ওই স্থানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন সব প্রার্থী। নির্বাচন হয়ে গেলে আর কোনো খোঁজ থাকে না। সেতু নির্মাণ না করায় ১২টি গ্রামের কৃষকেরা ধান, পাট, আলু ও সবজির ভালো দাম পাচ্ছেন না।
ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ রফিক সরকার বলেন, সেতুর অভাবে ১২টি গ্রামের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিরূপ প্রভাব পড়েছে।
হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘ওই স্থানে সেতু নির্মাণের জন্য সাবেক সাংসদকে অনুরোধ করা হয়েছিল। উপজেলা প্রকৌশলীকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু ফল হয়নি। বর্তমান সাংসদকেও ওই স্থানে সেতু নির্মাণের জন্য ফেব্রুয়ারি মাসে অনুরোধ করেছি।’
উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান জানান, ওই স্থানে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেতু নির্মাণ করে দেওয়া হবে।