নড়বড়ে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি ইজার গুদারাঘাট এলাকায় মালিঝি নদীর ওপরের সাঁকোটি দিয়ে পারাপার হচ্ছে বিদ্যালয়মুখী শিশুরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি ইজার গুদারাঘাট এলাকায় মালিঝি নদীর ওপরের সাঁকোটি দিয়ে পারাপার হচ্ছে বিদ্যালয়মুখী শিশুরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড়া ইউনিয়নের মালিঝি নদীর ওপর নির্মিত সাঁকোটি নড়বড়ে ও পাটাতন ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। জনপ্রতিনিধিদের বলেও কোনো কাজ হয়নি। এলাকাবাসী নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার কলসপাড়া ইউনিয়নের গাগলাজানি গোদারাঘাট এলাকায় মালিঝি নদীর ওপর ২০১৩ সালে ২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৫৪ মিটার দীর্ঘ কাঠের সাঁকোটি নির্মাণ করা হয়। এটির ওপর দিয়ে গাগলাজানি ও সূর্যনগর গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ কলসপাড়া ইউনিয়ন পরিষদ, বালুঘাটা বাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াত করে। এ ছাড়া সূর্যনগর গাগলাজানি দাখিল মাদ্রাসা ও সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ স্কুল ও নাকশী উচ্চবিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী যাতায়াতের জন্য এই সাঁকো ব্যবহার করে। বছর দেড়েক আগে সাঁকোটির কাঠের পাটাতন ভেঙে যায়। পরে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ওই ওয়ার্ডের সদস্য আবদুল হাকিম কাঠ সরিয়ে বাঁশ দিয়ে সাঁকোটি সংস্কার করে দেন। কিন্তু বর্তমানে সাঁকোর পাটাতনে বাঁশ ভেঙে এবং সাঁকোর খুঁটি দুর্বল হয়ে গেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সাঁকোটি দিয়ে চলাচলের সময় এটি নড়তে থাকে।

গাগলাজানি গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়নাল হক বলে, ‘সাঁকু ভাঙা থাকায় খুব ভয়ে আমগোর পার হতে হয়।’

একই গ্রামের কৃষক সাইদুর ইসলাম বলেন, ‘পিলার দুর্বল হওয়ায় সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। এ ছাড়া পাটাতনের বাঁশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আমরা এখানে একটা স্থায়ী পাকা সেতুর দাবি জানাই।’

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বলেন, ভাঙা সাঁকোটির কারণে মানুষ খুবই কষ্ট করে। এখানে পাকা সেতু হলে এলাকাবাসীর বিরাট উপকার হয়।

ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, শিগগিরই সাঁকোটি সংস্কার করা হবে। তা ছাড়া এখানে একটি সেতু নির্মাণের জন্য আবেদনও করা হবে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইইডি) আবদুল-আল-মামুন বলেন, সেতুর জন্য এখনো কোনো আবেদন পাওয়া যায়নি। পেলে পদক্ষেপ নেওয়া হবে।