নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল
মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে পাটাতন। পাটাতনে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সিমেন্ট ও বালুর প্রলেপ দিয়ে গর্তগুলো ঢাকা হয়েছে। বেশ কিছু নাটবলটু চুরি যাওয়ায় নড়বড়ে হয়ে গেছে অবকাঠামো। ‘সাবধান’ লেখা সাইনবোর্ড ঝুলছে দুই পাশে। এ করুণ অবস্থা পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল বেইলি সেতুর। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভাঙ্গুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে সওজ বড়াল নদের ওপর ১২০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করে। নকশা অনুযায়ী সেতুর পাটাতন কংক্রিটের ঢালাই দিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম পর্যায়ে স্টিলের পাটাতন দেওয়া হয়। পরে পাটাতন পরিবর্তন করে কংক্রিটের ঢালাই দেওয়া হবে জানিয়ে এটিকে বেইলি সেতুতে রূপান্তর করা হয়।এলাকাবাসীর অভিযোগ, স্টিলের পাটাতনের বিভিন্ন অংশে মরিচা পড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক স্থানে পাটাতন বাঁকা হয়ে দেবে গেছে। অবস্থা খারাপ হওয়ায় ২০০৫ সালে সওজ কর্তৃপক্ষ সেতুর দুই পাশে ‘সাবধান’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। সওজের পাবনা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুল হালিম জানান, সেতুর আগের পিলারের ওপর এখন আর কংক্রিটের ঢালাই দেওয়া সম্ভব নয়। পাকা পিলার নির্মাণ করে তার ওপর কংক্রিটের ঢালাই দেওয়ার প্রস্তাব ঢাকার সওজের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।