নড়বড়ে সেতুতে ঝুঁকিপূর্ণ যাতায়াত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার তিনটি গ্রামের মানুষের যাতায়াতের একটি সেতু দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। তাই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথ চলছেন হাজারো মানুষ।
উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজার-সাহেবের হাট সড়কের তালতারমাঠ গ্রামের শিক্ষক নিখিল সমাদ্দারের বাড়ির কাছে সেতুটি অবস্থিত। তালতারমাঠ, ঐচারমাঠ ও দীঘিবাড়ি—এই তিন গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন এ পথ দিয়ে উপজেলা সদর ও জেলা সদরসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। এ ছাড়া তালতারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐচারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়, অশোক সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা বিদ্যালয় ও ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীর যাতায়াতেরও একমাত্র মাধ্যম এ সড়ক। প্রতিদিন তাঁদের ঝুঁকি নিয়ে সেতুটি পার হতেই হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল এলজিইডির স্বল্প ব্যয় প্রকল্পের অধীনে ২০০৪-০৫ অর্থবছরে সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এরপর একবারও এটি সংস্কার করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, সেতুটির অনেক স্ল্যাব ভেঙে গেছে। এর ফলে বেশ কয়েক জায়গায় সৃষ্টি হয়েছে বড় ফাঁকার। রেলিংয়ের অ্যাঙ্গেল নেই। সেতুর নিচের দিকে খুঁটির স্ক্রুগুলোও কে বা কারা খুলে নিয়ে গেছে। ফলে সেতুটি নড়বড়ে হয়ে গেছে।
তালতার মাঠ গ্রামের অতুল চন্দ্র সমাদ্দার (৬০), কৃষ্ণ কান্ত হালদার (৫০) শান্তি রঞ্জন হালদারসহ (৬৫) আরও কয়েকজন জানান, সেতুটি দিয়ে আগে রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল করত। কিন্তু এখন এটির এমনই দুরবস্থা যে মানুষেরই চলা দায়।
ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা রানী হালদার জানান, সেতুটিতে প্রায়ই পা ফসকে শিশুরা দুর্ঘটনার শিকার হয়। সেতুটিতে তাঁর বিদ্যালয়ের এ পর্যন্ত ১২-১৪টি শিশু আহত হয়েছে।
সেতুটি সংস্কারে উপজেলা প্রকৌশলীকে বারবার তাগাদা হয়েছে বলে জানান গৈলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শোভা রানী সরকার। কিন্তু কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন প্রথম আলোকে বলেন, সেতুটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।