নড়বড়ে হয়ে গেল বিটনের স্বপ্ন
‘আধা ঘণ্টার এক বিভীষিকাময় মুহূর্ত আমার ভবিষ্যতের স্বপ্ন নড়বড়ে করে দিল। সামান্য ভুল, নাকি আদিবাসী হওয়ার অভিশাপ সেই মুহূর্তটির জন্ম দিয়েছে, তা বলতে পারছি না।’ নিরাপত্তা বাহিনীর লাঠিপেটায় আহত বিটন চাকমা (১৯) গতকাল রোববার হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।গত শনিবার পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অর্ধদিবস সড়ক অবরোধের সময় নিরাপত্তা বাহিনীর লাঠিপেটায় বিটনের ডান হাত এবং দুই পা ভেঙে যায়। এতে তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়েছে পড়েছে বলে তিনি জানান।চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার শ্যামলী আইডিয়াল পলিটেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিটন চাকমা। মাঝেমধ্যে বাড়িতে এলে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। একইভাবে গত শনিবারও নিজ গ্রাম খামারপাড়ার সামনের একটি দোকানে কয়েকজন বন্ধুসহ তিনি আড্ডা দিচ্ছিলেন।বিটন চাকমাসহ আহত ব্যক্তিরা জানান, সকাল নয়টার দিকে নিরাপত্তা বাহিনীর ১৫ থেকে ২০ জন সদস্য দুটি পিকআপে করে সেখানে যায়। তাঁরা গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করেন, কেন গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে? এ সময় বিটন ও তাঁর বন্ধুরা বলেন, তাঁরা গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন না। এর পরই শুরু হয় লাঠিপেটা। এ সময় অপরিচিত এক যুবক দৌঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে জানা যায়, সে ছিল ওই গ্রামে বহিরাগত ও ইউপিডিএফের সদস্য।আহত ব্যক্তিরা বলেন, ওই যুবক পালিয়ে যাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের লাঠিপেটায় বিটন চাকমার ডান হাত ও দুই পা এবং স্থানীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৃতীয় পর্বের ছাত্র বিপ্লব চাকমার বাম হাত ভেঙে যায়। এ ছাড়া দোকানি রূপায়ণ চাকমা (২৬) ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিন্টু চাকমা (১৭), তুংগ মণি চাকমা (১৬), সোনায়ে চাকমা (১৭) ও কিত্তরাজ চাকমা (১৭) আহত হয়। ওই দিনই তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিটন চাকমা জানান, সুস্থ হয়ে উঠতে তাঁর কমপক্ষে তিন মাস সময় লাগবে। অথচ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে গেল। অথচ আমি রাজনীতির সঙ্গে জড়িত নই।’