নড়বড়ে হয়ে পড়েছে প্রশাসনের কাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ আগস্ট সচিব পর্যায়ে সাতজনকে পদোন্নতির পর জনপ্রশাসনে উপসচিব পর্যায়েও শিগগিরই পদোন্নতি হতে যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্তরেও পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ে নিয়মিত পদ আছে এক হাজার ৩৬৭, যার বিপরীতে এখন নিয়োজিত আছেন দুই হাজার ৪৮৭ জন। অন্যদিকে জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ে এক হাজার ৫৬০ পদের বিপরীতে শূন্য আছে ৪৫২টি পদ। সহকারী সচিব পদেও প্রয়োজন প্রায় ৩০০ জন।
বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ আছে ১০৭। আর কর্মরত আছেন ২৭৩ জন। অতিরিক্ত সচিব হওয়া বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তারাও সচিব হওয়ার চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে মধ্যম স্তরের তিনটি পদ উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের সংখ্যা পদের চেয়ে দ্বিগুণ কিংবা তারও বেশি। অথচ নিচের স্তরে সহকারী সচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব কম। জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নিচের স্তরে কর্মকর্তা কম হওয়ায় মাঠ প্রশাসনের কাজকর্মে সমস্যা হচ্ছে। আর মধ্যম স্তরে মাত্রাতিরিক্ত কর্মকর্তা হওয়ায় প্রশাসনে এলোমেলো অবস্থা বিরাজ করছে। কারণ, পদোন্নতি পেয়েও কর্মকর্তাদের অনেককে এক ধাপ নিচের পদে কাজ করতে হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে উপসচিবের নিয়মিত (ডিউটি) পদ আছে ৮৩০টি। আর এই পদে কর্মরত আছেন এক হাজার ২৯৫ জন। এখন আরও দুই শতাধিক কর্মকর্তার পদোন্নতি হওয়ার কথা। একইভাবে যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৪৩০। আর এই পদে কর্মরত আছেন ৯১৯ জন। এই পদে সর্বশেষ ৭০ জনের পদোন্নতি হয়েছে গত বছরের ১০ সেপ্টেম্বর। এখন ১৯৮৫ ব্যাচের যুগ্ম সচিবেরা পদোন্নতির জন্য চাপ দিচ্ছেন।
তবে প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছর ধরে ঢালাও পদোন্নতির ফলে জনপ্রশাসনের আদর্শ কাঠামো (পিরামিড কাঠামো) ভেঙে গেছে। শুধু তা-ই নয়, পদোন্নতি পেয়েও কর্মকর্তাদের কাজ করতে হচ্ছে এক স্তর নিচে। সাধারণ কাঠামো অনুযায়ী, নিচের দিকে কর্মকর্তা থাকবেন বেশি এবং ধীরে ধীরে ওপরের স্তরে কর্মকর্তা হবেন কম। কিন্তু বর্তমানে মধ্যম স্তরে কর্মকর্তার সংখ্যা অস্বাভাবিক হয়ে গেছে।
এই অবস্থায় পদোন্নতির নতুন উদ্যোগ নিয়ে প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, পদ না থাকার পরও পদোন্নতির এই উদ্যোগ বেসামরিক প্রশাসনকে আরও বিপর্যস্ত করবে। পদ শূন্য হলেই শুধু পদোন্নতি দিতে হবে। ঢালাও পদোন্নতির সংস্কৃতি বন্ধ করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এরশাদের শাসনামলে তিনটি বিসিএসে প্রায় এক হাজার ৬৫০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁরাই এখন উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হচ্ছেন। মূলত এর জের এখনো টানতে হচ্ছে এবং এটা আরও কয়েক বছর চলবে। এই তিনটি ব্যাচের কর্মকর্তারা আগামী কয়েক বছরের মধ্যে অবসরে যাবেন। এরপর হয়তো এ সমস্যা কাটবে। কর্মকর্তারা বলেন, যাঁরা পদোন্নতির যোগ্যতা অর্জন করেন, তাঁদের পদোন্নতি না দিলে চাকরির প্রতি অনীহা সৃষ্টি হবে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, বর্তমানে পদের চেয়ে কর্মকর্তা বেশি আছেন, এটা ঠিক। তবে তাঁদের নানাভাবে বিভিন্ন পদে পদায়ন করা হচ্ছে। অতি প্রয়োজনে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টি করা হচ্ছে। আবার বিভিন্ন কারণে কিছু পদ সংরক্ষিতও থাকে। সব বিবেচনায় নিয়ে বাস্তবতার কারণে পদোন্নতি দিতে হয়।
মধ্যম সারির তিন পদে পদোন্নতি হলেও কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে আগের পদেই কাজ করে যেতে হচ্ছে এবং হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে যে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অধিকাংশই এখনো আগের পদেই কাজ করছেন। পরে যাঁরা পদোন্নতি পেয়েছেন তাঁদেরও প্রায় একই অবস্থা। প্রশাসন ক্যাডারে মোট কর্মকর্তার সংখ্যা এখন প্রায় পাঁচ হাজার। গত পাঁচ বছরে কয়েক দফায় প্রায় আড়াই হাজার কর্মকর্তার পদোন্নতি হয়েছে।
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বড় ভূমিকা পালন করেন মাঠপর্যায়ের কর্মকর্তারা। তাঁরা হলেন সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) ও জ্যেষ্ঠ সহকারী সচিব পদের। সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে এই পর্যায়ের কর্মকর্তারাই দায়িত্ব পালন করেন।
বর্তমানে জ্যেষ্ঠ সহকারী সচিব আছেন এক হাজার ৫৬০ জন। কিন্তু পদ আছে প্রায় এক হাজার ৮০০। আর সহকারী সচিব আছেন এক হাজার ৮৮ জন। এই পদে দরকার আরও সাত-আট শ কর্মকর্তা। নিচের স্তরে কর্মকর্তার অভাবে সহকারী কমিশনারের (ভূমি) প্রায় ১০০ পদ শূন্য। বর্তমানে সচিব আছেন ৭৩। এর মধ্যে ৭ আগস্ট সাতজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
ওএসডি ৩১২: এত পদোন্নতি হলেও এখনো ৩১২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বসিয়ে রাখা হয়েছে। কাজ ছাড়াই বেতন-ভাতা পাচ্ছেন তাঁরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, ১১ আগস্ট পর্যন্ত ওএসডি কর্মকর্তাদের মধ্যে তিনজন সচিব, অতিরিক্ত সচিব ৩৩, যুগ্ম সচিব ১১৮, উপসচিব ৭৩, জ্যেষ্ঠ সহকারী সচিব ৩৫ এবং সহকারী সচিব ৫০ জন।