নড়াইল, ফরিদপুর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ীর গোয়ালন্দে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নড়াইল: সদর উপজেলার বলরামপুর গ্রামের আমীর বিশ্বাসের মেয়ে পিয়ারী (৭) বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের সময় অন্য শিশুদের সঙ্গে নড়াইল-মাগুরা সড়কের পাশে গাছের নিচে আম কুড়াতে যায়। এ সময় একটি নসিমনের চাপায় সে নিহত হয়।গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়ার ক্যানেল ঘাটে অপেক্ষমাণ একটি বাসকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পেছন থেকে কাঁচাপণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা বাসের তত্ত্বাবধায়ক চাঁদ মোহাম্মদ (৪০) গুরুতর জখম হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চাঁদ মোহাম্মদ পাবনার ঈশ্বরদী উপজেলার চাঁদ আলীর মোড় জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে।অন্যদিকে ওই রাতেই দৌলতদিয়া ঘাট এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় গুরুতর আহত দিলীপ কুমার নামের (৫০) এক ব্যক্তিকে একটি বাসে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান। দিলীপ পিরোজপুর সদর উপজেলার বাড়ি গ্রামের সুধীর কুমারের ছেলে।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কোমরপুর বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে সড়ক দুর্ঘটনায় হরেন কুমার সরকার (৫০) নামের এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামে। গতকাল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।