
মাশরাফি বিন মুর্তজার শৈশব-কৈশোর, তার বেড়ে ওঠা নিয়ে কিছু একটা লিখব বলে গত মাসে নড়াইল গিয়েছিলাম। সে বিষয়ে এক বর্ণাঢ্য ছবি নিয়ে ফিরেছি। কিন্তু ছবিটা ফুটিয়ে তুলতে বা যথাযথ উপাদানে সুচারু পরিবেশনায় পাঠকের কাছে নিবেদন করতে গিয়ে সাবলীল ছন্দে থাকা মুশকিল হচ্ছে। কারণ সে এক বিশাল ক্যানভাস। কত যে চরিত্র আর ঘটনার পরম্পরায় আমাদের ক্রিকেট-ম্যাজিক নায়কের জীবনের প্রারম্ভিক সময় সংযুক্ত, তার প্রতিটিই বিস্তারিত হওয়ার দাবি রাখে। সব মিলিয়ে সে এক বিশাল ক্যানভাস। সব মানুষেরই জীবনের গল্প থাকে। কিন্তু কিছু কিছু ক্ষণজন্মার গল্পে অন্য রকম আকর্ষণীয় আমেজ থাকে, যা শুনতে আগ্রহী হতেই হয়।
মাশরাফির বেড়ে ওঠার গল্পটা ও রকমই। এমনিতে মাশরাফির ক্রিকেট আমাদের কাছে বিশেষ কিছু হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাঁর ব্যতিক্রমী লড়াকু চরিত্রটাও আকর্ষণীয় হয়ে উঠেছে। তার কৈশোরিক দুরন্তপনা, তাঁর প্রবল মানসিক দৃঢ়তা, তাঁর সংবেদনশীলতা, মানবিক বোধ আমাদের ক্রিকেটচর্চার অংশ হয়ে উঠেছে। তাই তাঁকে নিয়ে আগ্রহের একটু বাড়াবাড়ি আছে। সেই আগ্রহের তাগিদেই ক্রিকেটের বাইরে গিয়ে মানুষটাকে নিয়ে একটু চর্চা করা। সেই চর্চার পথে পা রাখতেই দেখি তাঁর জন্ম আর বালকবেলাই চিত্রাপাড়ের মহান শিল্পী এস এম সুলতানের বিশাল বিশাল চিত্রকর্মের শক্তিমান মানুষ আর সমুজ্জ্বল আশাবাদের প্রতীক হয়ে কালের কণ্ঠে ঝুলে আছে। সে ছবি চারিত্রিক গুণেই একটুখানি পুলকসঞ্চারী। রোমাঞ্চের মিশেলে দৃষ্টি টানা। ক্রিকেট-সমাজে মাশরাফির সেই সময় খণ্ড-খণ্ডভাবে চাউর আছে। একটু গুছিয়ে নিয়ে সেই সময়টাকে দেখার আগ্রহেই এই নিবন্ধের প্রয়াস।
ব্যাপারটা আমার জানা ছিল না। নড়াইল, মাশরাফির জন্মস্থান, জানান দিল আমাদের এই প্রিয় তারকা এক মুক্তিযোদ্ধার প্রপৌত্র। তাঁর বাবার দাদা মরহুম হাতেম মোল্লা সত্তর বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দেন। যশোরের ওপারে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সংগঠক হিসেবে কাজ করেন। ভদ্রলোক সমাজকর্মী ছিলেন। ছিলেন নড়াইল শহরের অদূরে মাইজপাড়া ইউনিয়নের দীর্ঘ ২৩ বছরের চেয়ারম্যান। এত বড় একটা গৌরবময় উত্তরাধিকারের কথা মাশরাফি বা তাঁর বাবা গোলাম মুর্তজা সাহেব কখনো বলেননি। নড়াইল গিয়ে জানতে পারলাম। বুঝতে পারলাম মাঠে লড়াইয়ের শক্তিটা, বারবার ইনজুরি কাটিয়ে ফিরে আসার শারীরিক ও মানসিক শক্তিটা কতটা জন্মসূত্রে ধমনিতে বাঁধা।
প্রপিতামহকে ছেড়ে সরাসরি মাশরাফির মাতাপিতা প্রসঙ্গে আসি। স্বপন ও বলাকা মাশরাফির জনক-জননীর ডাকনাম। পোশাকি নাম গোলাম মুর্তজা ও হামিদা মুর্তজা মাশরাফির পিতা-মাতা হওয়ার পেছনে উনাদেরও একটা জমাটি গল্প আছে। স্বপন, ফুটবলার ও অ্যাথলেট। কলেজের অ্যাথলেটিক সেক্রেটারি। বলাকা, শহরের প্রতিষ্ঠিত উকিল আতাউর রহমান ও নড়াইলের সর্বজনমান্য শিক্ষিকা খালেদা রহমানের একমাত্র কন্যা। নড়াইল সরকারি হাইস্কুলের একেবারে গাঘেঁষা দুই পাড়া মহিশখোলা ও আলাদাতপুরের বাসিন্দা দুজন। বিয়ের সময় স্বপনের বয়স একুশ আর বলাকার আঠারো। গল্পটা বড় করব না। তবে উল্লেখ না করলেই নয়, বিয়েতে মা-বাবাকে রাজি করাতে উদ্যোগী ভূমিকাটা নিতে হয়েছিল বলাকাকেই। টানা ছয় দিন ভুখ-হরতালের পরিণামে বিয়ে। বলাকার ভাষ্যে সুদর্শন স্বপনের কিঞ্চিৎ দুরন্তপনাই তাঁর উকিল পিতার অসম্মতির কারণ ছিল।
সে যাই হোক, কোনোমতে বাল্যবিবাহের দায় এড়ানোর সীমায় এসেই তাঁদের পারিবারিকভাবেই বিয়ে হয়। সেটা ১৯৮১ সাল। মাশরাফির জন্ম হয় ১৯৮৪ সালে। সে দিন ৪ অক্টোবর। রাত আটটায় নানাবাড়িতে তাঁর জন্ম। সে রাতে নড়াইল জ্যোৎস্না প্লাবিত ছিল। নানি বেলা আপা (ওই নামে তিনি অদ্যাবধি সুপরিচিতা) নাতির মুখে কী দেখলেন। শালদুধ খাওয়ানোর পর পরই নাতিকে নিজের ঘরে নিয়ে গেলেন। সেই যে নিলেন সে রেশ আজও তিরিশে পা রাখা মাশরাফিকে নানাবাড়িতেই আটকে রেখেছে। মা বলাকা নিতান্ত প্রয়োজন ছাড়া ছেলেকে কাছে পান না। নানির কাছেই শিশু মাশরাফি লালিত হতে থাকে।
নানির এই নাতি ‘ছিনতাই’য়ের একটা কারণও আছে। মা বলাকাকে তাঁর মা-বাবা পাগলি বলে ডাকতেন। একমাত্র মেয়ে হওয়ার ষোলআনা সুযোগটাই বলাকা নিতেন যে। নানা পাগলামিতে ভরা তাঁর ছেলেবেলা। বাবাকে টেলিভিশন কিনতে বাধ্য করার তাঁর পাগলামিটা খুব রোমাঞ্চকর। নিজে এখন দাদি হয়ে গেছেন বলে বললাম না। তা, এহেন পাগলি মেয়ের কাছে চাঁদপনা মুখের নাতিকে সারাক্ষণ রাখতে নানি ভরসা পাচ্ছিলেন না। তাই মেয়ের কষ্ট যাতে না হয় সে কারণে নাতিকে নিজের কাছেই রেখে দিলেন। মাশরাফির বাবার বাসা আর নানার বাসার দূরত্ব পাঁচ মিনিটেরও না। তাই শিশু মাশরাফির নানির কাছে থাকতে বিশেষ অসুবিধা হয়নি। জন্মের প্রথম সপ্তাহেই ফিডারে ঠোঁট ছোঁয়ানো হয়ে গেছে মাশরাফির। মাশরাফির যখন ছয় মাস বয়স তখন তাঁর পিতাকে কর্ম উপলক্ষে নড়াইল ছেড়ে সস্ত্রীক ঢাকায় এসে বসবাস করতে হয়। ছিলেন বহুজাতিক ওষুধ কোম্পানির কর্মাধ্যক্ষ। মাশরাফি থেকে যান নানির কাছে। ছেলেকে দেখতে মা পনেরো দিন পর পর নড়াইল আসতেন। এভাবে দুবছর টানাপোড়েনের পর বিরক্ত গোলাম মুর্তজা চাকরি ছেড়ে নড়াইল এসে থিতু হন।
শৈশবের মাশরাফি দেখতে ছিলেন অসম্ভব ফরসা। মাতামহ ডাকনাম রাখলেন কৌশিক। এ নামেই নড়াইলে তাঁর পরিচিতি। আমরাও এখন থেকে কৌশিককে নিয়েই এগোব। শিশু কৌশিককে নিয়ে অনেক কথা হয়ে যাচ্ছে। আমরা ওকে বাড়তে দিচ্ছি না কিন্তু উপায় নেই। অনেক কৌতূহল উদ্দীপক কথা রয়ে যাচ্ছে যে, একেবারে মায়ের মুখে শোনা। কৌশিকের ছয়-সাত মাস বয়সে মা বলাকা মামা খুলনার ক্রীড়া সংগঠক মফিজ সাহেবের বাসায় বেড়াতে যান। সেখানে একসময় সবার চোখে পড়ে শিশু কৌশিকের কপালে আলাদা একটা আলো খেলা করছে। গল্পকথায় আমরা যাকে রাজটিকা বলি, সে রকম একটা কিছু। কৌশিকের নানি কথাটা বলাবলি করতে মানা করেন। চিকচিক চিহ্নটা অনেক দিন ছিল। ব্যাপারটার বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা অবশ্যই আছে। কিন্তু নিকটজনেরা শিশুর ভবিষ্যৎ নিয়ে প্রবলভাবেই আশাবাদী হয়ে ওঠেন। শিশুকে আগলে রাখার মাত্রা বাড়ে। আরেকটা বিষয় মা-নানিরা লক্ষ করেন। শিশুকে সোনার হার বা আংটি পরালে তার জ্বর হতো।
কৌশিকের নানা ছিলেন অত্যন্ত নিয়মনিষ্ঠ আদর্শবান মানুষ। বাম রাজনীতির সঙ্গে তার প্রবল সংশ্লিষ্টতা ছিল। নানার বন্ধু বামপন্থী নেপাল সরকার ছিলেন শৌখিন হস্তরেখাবিদ। নেপাল বাবু কৌশিকের ছয়-সাত বছর বয়সে হাত দেখে বলেছিলেন, দশ বছর বয়সে এ বালকের জীবনে বড় ধরনের ফাঁড়া আছে। ফাঁড়া কেটে গেলে এ ছেলে হয় উচ্ছন্নে যাবে অথবা কালজয়ী কোনো ভূমিকা রাখবে। নেপাল বাবুর অনেক ভবিষ্যৎবার্তাই বাস্তবের মুখ দেখেছে। এটাও সে রকম হলো। ঠিক দশ বছর বয়সেই কৌশিক তাঁর দুরন্তপনার নজির রাখতে গিয়ে নানাবাড়ির তিনতলা থেকে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখা যায় তেমন কিছুই হয়নি। পড়তে পড়তে ভারসাম্য ঠিক রাখতে পেরেছিল হয়তো। তারপর তার যে ঝোড়ো হাওয়ার কৈশোর কেটেছে তাতে উচ্ছন্নে যাওয়ার অবকাশ থাকলেও আমরা দেখেছি রাখাল বাবুর ইতিবাচক ভবিষ্যদ্বাণীটিই মূর্ত হয়ে উঠেছে। ক্রিকেটে ভর করে কৌশিকের জীবনে ঘটেছে সত্য সুন্দরের আবাহন। কালের লাগাম উঠে এসেছে তার মুঠোয়। সে লাগাম হাতে ক্রিকেটার কৌশিকের ছবি আলাদাতপুরের নানাবাড়িতে আর মহিশখোলার বাবার বাসায় দেয়ালে দেয়ালে টাঙানো। এখনো কৌশিকের স্থায়ী ঠিকানা নানাবাড়ি, বাবার বাসায় সে বেড়াতে যায়।
নড়াইল শহরের বাতাসে কান পাতলেই কৌশিকের গল্প শোনা যায়। কৌশিকের ছেলেবেলার গল্প শুনতে, বলা ভালো ছবি দেখতে, সাহায্য নিলাম তাঁর বাল্যবন্ধু রাজু-সাজু, ক্রিকেটীয় অভিভাবক মোহাম্মদ ভাই, নড়াইল গভ. স্কুলের ক্রীড়া শিক্ষক অনীল স্যার, নড়াইল জেলা কোচ তুহিন সাহেব প্রমুখের। সূত্রগুলোর খোঁজ স্বয়ং কৌশিকের কাছ থেকে পাওয়া। কৌশিকের বড় হয়ে ওঠার পথ বর্ণিল ও রোমাঞ্চকর। সময় সীমিত কিন্তু ঘটনার ঘনঘটা অনেক বিস্তৃত। কুড়িয়ে পাওয়া দুরন্তপনার খণ্ড কথনগুলো আগে বলি।
প্রাইমারি স্কুলে পড়ার সময়। ক্লাস থ্রি-ফোর হবে। সহপাঠীরা টিফিনের সময় ছোঁয়াছুঁয়ি একটা খেলা খেলে। খেলার নাম বরফ-পানি। তা সে ছুঁয়ে দেওয়ার সময় গোঁয়ার কৌশিকের আঙুলের আঘাত সঞ্চিতা নামের এক সহপাঠিনীর পিঠে এতই জোরে পড়ল যে সে মেয়ে কেঁদেকেটে কৌশিকের নানির কাছে নালিশ জানাল। নানি বেলা আপা স্কুলের শিক্ষিকা। তাঁর শাসনপ্রণালি খুবই কঠোর। বেলা আপার হাতের পাখার ডাঁটের মার খায়নি এমন ভদ্রলোক নাকি নড়াইলে নেই। তা আদরের নাতিকে বেলা আপা সেদিন যে শাসন করলেন তা নাকি বাড়াবাড়ি রকমের নিষ্ঠুরতার শামিল। প্রহারে প্রহারে জর্জরিত শিশুকে বাঁচাতে সারা স্কুল ব্যস্ত হয়ে উঠল। সারা দেহে পাখার ডাঁটের বাড়ি নির্বিকারে সইল কৌশিক। ক্লান্ত নানি প্রহার থামালে দমিত অশ্রু নিয়ে নানি বাড়ির পথ ধরল ছেলে। বন্ধুরা তখন ফোঁপাচ্ছে।
একটু বড় হতে হতে দলও বড় হয়। রাজু, সাজু, চুন্নু, মানষ, অসীম, সুমন, মিঠুন, বিপ্লব, শিমুল, রবি। দলের চাঁই কৌশিক। চিত্রা নদীর থানা ঘাটে, কুণ্ডুবাড়ীর ঘাটে দেড়-দুই ঘণ্টা কাদা ছোড়াছুড়ি, নদী পার হওয়া ইত্যাদি নিত্যকার কাজ। স্রোত ভেঙে সোজা নদী পার হওয়া ছিল কৌশিকের প্রিয় অভ্যাস। মাঝে মাঝে কোনো বন্ধুকে কাঁধে নিয়ে নদীর এপার-ওপার করত। কি দুর্দান্ত ওয়েট ট্রেনিং। নদী যেন তার পোষ মানা কেউ। একই রকম দখল বৃক্ষরাজির ওপর। আম-জাম-লিচু-নারকেল সব গাছেই তার শাখামৃগের আদলে বিচরণ। বাড়ির কাছে তুলসী বাবুর বাগানে হাত পাকানো এসব শাখামৃগের রাজত্ব ক্রমেই বিস্তৃত হয় নড়াইলজুড়ে। সোনা খাঁর বাগানে চুক্তিতে লিচু পাড়তে গিয়ে একবার ডাল ভেঙে ভূপতিত হয়। কাপড়-জামা, গায়ের চামড়া ছিঁড়ে আর সে আঘাত লুকানোর চেষ্টায় নাজেহাল অবস্থা। গভীর রাতে ফল পাড়তে যাওয়ার সুযোগ করে নিত নানাবাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার অজুহাতে। একবার এক রাতে ১১ কান্দি কলা চুরি করে এক জায়গায় রেখেছে পাকার অপেক্ষায়। পরের দিন খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া হওয়ায় ভাগাভাগি হয়নি। ঝগড়া মিটতে আরও দুএকদিন লেগে যায় কিন্তু ইত্যবসরে ১১ কান্দি কলা গায়েব। কে বা কারা সরিয়েছে তা আজও আবিষ্কৃত হয়নি। কৌশিক নাকি ডজন দেড়েক কলা একসঙ্গে খেতে পারত। স্কুল ক্রিকেটে এক ম্যাচ জেতার পর শিক্ষক বলেছিলেন যা কিছু খেতে। সে আহ্বানে সাড়া দিয়ে কৌশিক নাকি হোটেলে নয় প্লেট ভাত খেয়েছিল। সে ম্যাচে তার অবদান ছিল একটি শতরান।
খ্যাপাটে, দুরন্ত কৌশিকের পাশাপাশি তাঁর মানবিক গুণগুলোও কৈশোরেই সবার দৃষ্টি কাড়ে। বন্ধুদের জন্য তাঁর অকৃত্রিম ভালোবাসা, মানুষের বিপদে-আপদে এগিয়ে আসা, দুস্থজনের পাশে দাঁড়ানো—এসব নিয়ে ছোটবেলার তার অনেক কর্মকাণ্ড নড়াইলের মানুষের, উপকৃতজনের মুখে মুখে ফেরে। অনিল স্যারের ব্যাখ্যায় কৌশিক আদর্শবান নানা-নানির কাছ থেকে নৈতিকতা-দানশীলতা, স্পষ্টভাষণের সুচারু শিক্ষা পেয়েছে। পিতৃসূত্রে পেয়েছে খেলোয়াড়ি দৃঢ়তা ও শিল্পীর মনোভাব। বড়কে শ্রদ্ধা ও ছোটকে স্নেহ করার প্রবণতায় সে আন্তরিক। কৌশিকের এই প্রিয় শিক্ষক তাঁকে মাঝারি মানের ছাত্র হিসেবে দেখেছেন। দেখেছেন ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা। কিন্তু এসব ছাড়িয়ে তিনি তাঁর ছাত্রের মাঝে দেখেছেন কর্তব্যনিষ্ঠায় ভাস্বর সমাজের জন্য, দশের জন্য এক আনন্দ উপকরণ।
তারকা খেলোয়াড় হয়ে ওঠার পথে এক ক্রিকেটমনস্ক কৌশিককে আমরা দেখতে পাই একেবারে ছেলেবেলা থেকেই। স্কুলমাঠটা কৌশিকের দু-বাড়ি থেকেই দেখা যায়। হাঁটতে শেখার সময় থেকেই মাঠের সঙ্গে তার পরিচয়। রক্তে একটা টান তো আছেই।
বড়রা সে মাঠে ক্রিকেট খেলতেন। একেবারে ছোট থাকতেই স্পঞ্জের স্যান্ডেল উইকেট কিপিং গ্লাভসের আদলে হাতে গলিয়ে সে বড়দের উইকেটের পেছনে দাঁড়াতে চাইত। শক্ত বলে আহত হবে ভেবে বড়রা সরিয়ে দিতেন। সে নিয়ে সবার কাছে নালিশ জানাত। এভাবেই শুরু। টেনিস বলে খেলতে খেলতেই বড়দের দৃষ্টি কাড়া। নব্বইয়ের দশকে নড়াইলের ক্রিকেটার-সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন। তিনি মাত্র ১১ বছর বয়সের কৌশিককে তাঁর ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন। এ সময় থেকেই কৌশিকের গতি দৃষ্টিগ্রাহ্য হতে শুরু করে। ১৯৯১-এর দিকে মাগুরায় বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পের বিকেএসপি কোচ বাপ্পির সান্নিধ্যে এসে বোলিংয়ের অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন। পরের বছর জাতীয় কোচ ওসমান খান নড়াইলে এক প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছিলেন। ওই সময় কৌশিকের আমন্ত্রণ আসে খুলনায় খেলার জন্য। খুলনায় তাঁর গতি ও সুইং হইচই ফেলে দেয়। সেই সূত্রে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ, ঢাকায় আসা এবং আর পিছে ফিরে না তাকানো। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক, অ্যান্ডি রবার্টসের পরিচর্যা নিয়ে বিশ্ব ক্রিকেটে একটি বহুল উচ্চারিত নাম।
কৌশিকের মোহাম্মদ ভাই জানালেন, ছোটবেলায় অভিভাবকদের পক্ষ থেকে খেলার সময় দেওয়ার ব্যাপারে বাধানিষেধ থাকত। তখন কৌশিকের ছোট মামা নাহিদ খুবই সহায়তা করতেন। কৌশিক অশৈশব এই নাহিদ মামার সান্নিধ্যে, স্নেহছায়ায় পালিত। আজও এই মামাকে ছাড়া তাঁর চলে না। নানা-নানি জীবিত নেই। কৌশিকের এখনো মামা-মামিই মূল ঠিকানা। মূলত নড়াইলের মাঠ-ঘাট-প্রকৃতি নিবিড় স্নেহে কৌশিককে তৈরি করেছে। এখানকার মানুষের মাঝে রয়েছেন তাঁর আত্মার দোসরেরা। তাই তো বারবার নড়াইলে ছুটে আসেন তিনি। সচেতনভাবে শরিক হন এখানকার মানুষের সুখে-দুঃখে। কৌশিক এলে সাড়া পড়ে যায় পুরো নড়াইলে। তারকা ক্রিকেটারের জন্য নয়, এখানকার মানুষ অপেক্ষায় থাকে বন্ধুর জন্য, সমব্যথীর জন্য, সন্তানের জন্য, কৌশিকের বড় হওয়ার পথের রুদ্র প্রাণচাঞ্চল্য পুরো দেশবাসীকে আশাবাদী করে তোলে তাঁর বারবার হাঁটুর আঘাতকে জয় করে ফিরে আসার জন্য। আমাদের ক্রিকেট তারকা বটে, তবে দূর আকাশের নয়, কোলের কাছের। আমরা নিশ্চিত আবারও বিশ্ব ক্রিকেট দেখবে নতুন বল হাতে মাশরাফি ছুটছে সেই ছন্দময় দৌড়। ‘ওই আসে ওই অতি ভৈরবে হরষে...।’ সেই আশায় কৌশিকের রাংতা মোড়া দিনগুলোতে একটু ঘুরে এলাম।
জালাল আহমেদ চৌধুরী: ক্রিকেট কোচ ও ক্রীড়ালেখক