নড়াইল ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ও কুষ্টিয়ায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাকিব মোল্যা (১৪) ও মেহেদী হাসান (১৪) নামের দুই কিশোর নিহত হয়। কুষ্টিয়ায় বাস-সিএনজি সংর্ঘষে একজন নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাকিব ও মেহেদী গতকাল নড়াইলের বড়দিয়া থেকে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। বড়দিয়া-কালিয়া সড়কের সুড়িগাতি মোড়ে পৌঁছার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খেজুরগাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। সাকিবের বাড়ি নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে এবং মেহেদীর বাড়ি পুঠিমারি গ্রামে। দুজনই এবারের জেএসসি পরীক্ষার্থী ছিল।
এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস দশমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক শাহীন আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিএনজির আহত পাঁচ যাত্রীকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শাহীন আলী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের আতর আলীর ছেলে।