নড়াইল ও মাগুরায় দুটি লাশ উদ্ধার
নড়াইল সদর উপজেলার চারিখাদা-আলুকদিয়া ঈদগাঁ রাস্তার ওপর থেকে শুক্রবার এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গত শনিবার মাগুরার সদর উপজেলার বেড় আকসি গ্রামের একটি পাটখেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করে। নড়াইলে নিহত মোটরসাইকেল চালকের নাম মন্নু মোল্যা (৪৫)। তিনি সদর উপজেলার রামেশ্বপুর গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। সদর থানার পুলিশ শুক্রবার রাত দুইটায় চারিখাদা-আলুকদিয়া ঈদগাঁ রাস্তার ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মন্নু মোল্যার বড় ভাই আবদুল গফফার মোল্যা জানান, মন্নু কৃষি কাজের পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। শুক্রবার রাতে সে নিখোঁজ হয়। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মাগুরা সদর উপজেলার বেড় আকসি গ্রামের রাস্তার পাশের একটি পাটখেত থেকে পুলিশ শনিবার অজ্ঞাতনামা (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।