নড়াইল-কালনা সড়কের ২০ কিলোমিটারে গর্ত, ভোগান্তি
দীর্ঘদিন সংস্কার না করায় নড়াইল-কালনা সড়কের ২০ কিলোমিটারে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ কারণে যাত্রীরা এ সড়ক দিয়ে যাতায়াত করার সময় ভোগান্তি পোহান।কয়েকজন গাড়িচালক জানান, সড়ক খারাপ হওয়ায় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলে। কখনো কখনো গাড়ি রাস্তার গর্তে আটকে যায়। খানাখন্দ থাকায় রিকশা ও ভ্যানের যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়। গত ২৭ ফেব্রুয়ারি সড়কের রামচন্দ্রপুর ও বাদশার গ্যারেজ এলাকায় গর্তে পড়ে দুটি যাত্রীবাহী বাসের এক্সেল ভেঙে যায়। গাড়ি দুটি এখনো সেখানে পড়ে আছে।পরিবহন শ্রমিকনেতা ছাদেক খান বলেন, সড়কটি সংস্কারের জন্য জেলা বাসমালিক সমিতি একাধিকবার ধর্মঘট পালন করেছে। ধর্মঘটের ডাক দিলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের গর্তে কিছু ইটের খোয়া ফেলে ভরাট করে দেয়। এ কারণে দুই সপ্তাহ না যেতেই ওই স্থানে আবারও গর্তের সৃষ্টি হয়। ১০ বছর ধরে এ অবস্থা চলছে। বাসচালক আশরাফ আলী বলেন, সড়কের ওই ২০ কিলোমিটার যেতে স্বাভাবিকভাবে সময় লাগার কথা ৩০ থেকে ৪০ মিনিট। কিন্তু ভাঙাচোরা আর খানাখন্দ থাকায় এখন সময় লাগে প্রায় সোয়া এক ঘণ্টা। ভ্যানচালক রোস্তম মিয়া জানান, ওই রাস্তায় আসনে বসে ভ্যান চালানো যায় না। বেশির ভাগ রাস্তায়ই ভ্যান টেনে নিয়ে যেতে হয়। অনেক সময় গর্তে পড়ে ভ্যানের চাকা ভেঙে যায়।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দীন জানান, সড়কটি মেরামতের জন্য চলতি অর্থবছরে নয় কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।দরপত্রও আহ্বান করা হয়েছে। পাবনার মেসার্স হাজি শফিক কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত ১৪ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়েছে। খুব শিগগির সড়কের কাজ শুরু হবে।