নড়াইল-কালিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
‘গত বছর ভাঙ্গিছিল এক পাশ। এবার দুই পাশই ভাঙ্গে গেছে। কী ওরে যাই? বিটারা ফাঁয়িজুয়ি (ফাঁকিবাজ) কাজ করিছে। এগে কিছু কতি পারে না সরকার?’ কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামের ভ্যানচালক ছলেমান মোল্লা (৫৬) গতকাল বৃহস্পতিবার দুপুরে পাটবোঝাই ভ্যান নিয়ে চিত্রা নদীর কালিয়া উপজেলার রঘুনাথপুর সেতুর সংযোগ সড়ক দিয়ে সেতুতে উঠতে গিয়ে ধসে পড়া সড়কের খাদে ভ্যানসহ উল্টে পড়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।সরেজমিনে দেখা গেছে, সেতুর সংযোগ সড়কের দুই পাশে গাইড ওয়াল নেই। সেখানকার বালু ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-কালিয়া সড়ক যোগাযোগ সহজ করতে কালিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর গত বছর প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে উপজেলার রঘুনাথ সেতুর কাজ সম্পন্ন করে। গত বছরের ২৬ মার্চ সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের চার মাস পর সেতুর সংযোগ সড়কের পূর্ব পাশের একাংশ ধসে পড়ে। এবার টানা বৃষ্টিতে সড়কের দুই পাশের বালু ধসে গেছে।কালিয়া উপজেলা প্রকৌশলী গিয়াস উদ্দীন আহম্মদ বলেন, সড়কের দুই পাশে গাইড ওয়াল না থাকায় এমনটি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে জনবল নিয়োগ করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।