নড়াইল জেলা আ.লীগের সম্মেলন হয় না সাত বছর
নড়াইল জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি গত মে মাসে ১০ বছর পূর্ণ করেছে৷ সাত বছর আগেই এই কমিটির মেয়াদ শেষ হয়৷ গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরে নতুন কমিটি গঠনের কথা থাকলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ েনওয়া হয়নি৷ এ কারণে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে৷
দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের মে মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়৷ এরপর আর সম্মেলন না হওয়ায় ঝিমিয়ে পড়েছে সংগঠনের কার্যক্রম৷ দলের কয়েকজন নেতা জানান, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের মধ্যে কয়েকটি ছোট পক্ষ সৃষ্টি হয়েছে৷
জেলা কমিটির সদস্য এস এ মতিন জানান, জেলা কমিটির ১০১ সদসের মধ্যে ৯৫ শতাংশই নিষ্ক্রিয়৷ বেশির ভাগ নেতা-কর্মী নানা পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন৷ কেউ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কেউ নিজাম উদ্দীন খান, কেউ শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, কেউ সৈয়দ মহম্মদ আলী আবার কেউ সভাপতি সুবাস বোসের অনুসারী৷
তৃণমূলের একাধিক নেতা জানান, কোন্দলের কারণে শহরের পুরোনো বাস টার্মিনাল চত্বরে নবনির্মিত দলীয় কার্যালয় বেশির ভাগ সময়ই ফাঁকা থাকে৷ পদে থাকা অনেক নেতাই নিয়োগ ও দরপত্র-বাণিজ্যে জড়িত৷
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান জানান, বর্তমান কমিটির সাংগঠনিক অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে৷ এ কারণে প্রশাসনও তেমন একটা গুরুত্ব দেয় না৷ দলের সদস্যরাও কমান্ড ফলো করছেন না৷ তাঁরা সিনিয়র নেতাদের অপমান-অপদস্থ করছেন৷ তিনি বলেন, বিগত নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ এতে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে৷
নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু জানান, ‘দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সম্প্রতি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ হারিয়েছি৷’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, সময়মতো সম্মেলন না হওয়ায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের মধ্যে কয়েকটি ছোট পক্ষ সৃষ্টি হয়েছে৷ একই কারণে দলীয় কার্যক্রম থেকে দূরে সরে আছেন অনেক নেতা৷ কমিটির কোনো পর্যায়ের সভায়ই তাঁদের উপস্থিতি নেই৷
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ আলী বলেন, দেশের অনেক জেলায় ১৫-২০ বছর ধরে সম্মেলন হয় না৷ নড়াইলের কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে৷ বাকিগুলোতে প্রস্তুতি চলছে৷ দলে কোনো পক্ষ নেই দাবি করে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে৷ সেটাকে পক্ষ বলা ঠিক হবে না৷ নেত্রীর সঙ্গে যোগাযোগ করে শিগগিরই সম্মেলনের দিন ধার্য করা হবে৷