নড়াইল পৌর যুবলীগের সভাপতিসহ গ্রেপ্তার ২
অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় নড়াইল পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস ওরফে বিলো (৩৮) ও যুবলীগের কর্মী রানা মোল্যাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের রূপগঞ্জ টাউন ক্লাব থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের ভাষ্যমতে, লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের আনসার সদস্য আজিজুর রহমান তাঁর ভাইকে বিদেশে পাঠানোর জন্য কালিয়া উপজেলার নড়াগাতি গ্রামের মাহাবুবুর রহমানকে তিন লাখ টাকা দেন। দীর্ঘদিনেও আজিজুরের ভাইকে মাহাবুব বিদেশে পাঠাতে পারেননি। আর আজিজুরের টাকা পরিশোধে মাহাবুব টালবাহানা করতে থাকেন। এ কারণে মাহাবুবকে আসামি করে আজিজুর আদালতে প্রতারণার মামলা দায়ের করেন।গত ৪ আগস্ট মাহাবুবুর আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে জেলা প্রশাসকের বাসভবনের কাছে পৌঁছালে গ্রেপ্তারকৃত ওই দুজনসহ মোট ছয়জন তাঁকে অপহরণ করে শহরের মুচিরপোল এলাকায় নিয়ে মারপিট এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ওই দিনই মাহাবুবুরকে উদ্ধার করে। এ ঘটনায় মাহাবুবুর বাদী হয়ে গত ১৮ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন।