নড়াইল পৌরসভার পানির দুটি পাম্প বিকল, ভোগান্তি
নড়াইল পৌরসভার দুটি পাম্প বিকল থাকায় রূপগঞ্জ, কুড়িগ্রাম, ভাদলিডাঙা, দক্ষিণ নড়াইল, মাছিমদিয়া, হাটবাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা পানিসংকটে ভুগছেন। পৌরসভার পানি সরবরাহ শাখার দুই নম্বর পাম্পটি দুই বছর ও পুলিশ লাইন এলাকার তিন নম্বর পাম্পটি ১০ দিন ধরে বিকল পড়ে আছে।মাছিমদিয়া গ্রামের গৃহবধূ বেগম গুলশান আরা বলেন, রোজা শুরু হওয়ার চার দিন আগে থেকে পানি আসছে না। ইফতারের সময় চরম বিপাকে পড়তে হয়। দূর থেকে চাপকলের পানি সংগ্রহ করে রান্নার কাজ সারতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে নড়াইল পৌরসভার কিছু এলাকায় পানি সরবরাহের কাজ শুরু করা হয়। বর্তমানে পৌরসভার ৩০ ভাগ এলাকায় ৩০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ৬১ হাজার নাগরিক এই পানি সরবরাহের আওতায় এসেছে। কিন্তু পৌর এলাকার গুরুত্বপূর্ণ রূপগঞ্জ, মাছিমদিয়া, কুড়িগ্রাম, মহিষখোলা, বরাশুলা, হাটবাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকায় এখনো পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই।অনুসন্ধানে জানা গেছে, শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি অতিরিক্ত পানি পেতে পানির পাইপে বৈদ্যুতিক মোটর লাগিয়েছে। এর ফলে এসব স্থানে সমানভাবে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। পৌর পানি সরবরাহ শাখার হিসাবরক্ষক সুশান্তকুমার নাথ জানান, পৌনে দুই বছর ধরে পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়কের পদ শূন্য থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বর্তমানে পানি সরবরাহ কেন্দ্র থেকে দুই হাজার ৮৬০ মিটার ঘনফুট পানি সরবরাহ করা হচ্ছে। পৌর মেয়র জুলফিকার আলী মণ্ডল বলেন, পৌর এলাকার বেশির ভাগ জায়গায় পানির আড়াই ইঞ্চি লাইনের পরিবর্তে চার ইঞ্চি পাইপলাইন, পানির পাম্পগুলো পৌরসভার বিভিন্ন এলাকায় সুষমভাবে প্রতিস্থাপন, পুরোনো আমলের টারবাইন পাম্পের পরিবর্তে আধুনিক প্রযুক্তির সাবমারসিবল পাম্প স্থাপন ও অবৈধ মোটর সংযোগ বন্ধ করা গেলে গ্রাহকদের পানির কোনো সমস্যা থাকবে না। খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।