নড়াইল শহরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে একই সময়ে জেলা বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।জানা গেছে, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আজ সোমবার চৌরস্তা মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জনসভা আহ্বান করে জেলা বিএনপি। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মশিউর রহমান, নজরুল ইসলাম মঞ্জুসহ একাধিক নেতার অংশ নেওয়ার কথা। কিন্তু একই সময়ে একই স্থানে নারীনীতির সমর্থনে ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের ডাক দেয় জেলা ছাত্রলীগ।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী কদর গতকাল রোববার জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা পরিষদের আশপাশ ও চৌরাস্তা মোড়ে আগামীকাল (আজ) সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘নড়াইলে কোনো দিনও রাজনৈতিক প্রতিহিংসার কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আজ ক্ষমতাসীন দল সেই পরিবেশ নষ্ট করে দিচ্ছে। ছাত্রলীগ উদ্দেশ্যমূলকভাবে কর্মসূচি দিয়ে আমাদের নির্ধারিত কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করেছে।’সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, পৌর মেয়র জুলফিকার আলীসহ নেতারা উপস্থিত ছিলেন।তবে জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নারীনীতি নিয়ে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে।’