নড়াইল শহরের সঙ্গে ৪০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
কাজলা নদীর তীব্র স্রোতে তুলারামপুর-শেখহাটি সড়কের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় নড়াইল শহরের সঙ্গে তিনটি ইউনিয়নের ৪০টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউনিয়নগুলো হচ্ছে শেখহাটি, মুলিয়া ও বিছালী।সদর উপজেলার তুলারামপুর বাজার এলাকার বাসিন্দা ওহাব মোল্যা ক্ষোভের সঙ্গে বলেন, ‘একটু একটু করে ভাঙতি ভাঙতি এহন পুরো রাস্তা ধরেই ভাঙে যাতি লাগিছে। রাত্তিরি বুঝতি না পারে অনেক ভ্যান-নছিমন এহেনে উল্টে যাচ্ছে। মানুষজন নদীতে পড়ে যায়, ক্ষয়ক্ষতি হয়। গত শুক্রবার তুলারামপুর হাটের দিন দুপুরির দিকি পাটবোঝাই নছিমন পড়ে গেছেল।’সরেজমিনে দেখা গেছে, কাজলা নদীর তীর ঘেঁষে সদর উপজেলার তুলারমাপুর-শেখহাটি সড়ক এবং তুলারামপুর ইউনিয়নের চর তুলারামপুর এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দেওয়ায় সেখানকার সড়কের বেশির ভাগ অংশ নদীতে বিলীন হয়েছে। এলাকাবাসী জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ প্রায় এক মাস ধরে ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়েই চলাচল করছে।ওই সড়কের ভ্যানচালক সালাম শেখ, নছিমনচালক রমেশ বিশ্বাস, ছলোমান মোল্যাসহ অনেক বলেন, এই রাস্তায় ভ্যান-নছিমন চালায়ে আমাগে সংসার চলে। রাস্তাডা ঠিক করে না দিলি চালাতি পাত্তিছি না। এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস বলেন, শিগগির সড়কের ভাঙা অংশ সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।