নড়াইল হাসপাতালে পানি নেই আট দিন
নড়াইল সদর হাসপাতালে আট দিন ধরে পানি নেই। হাসপাতালের পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনদের পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।গত শুক্রবার সকালে গিয়ে দেখা গেছে পানি সংগ্রহের জন্য রোগীদের স্বজনেরা জগ ও বোতল নিয়ে হাসপাতালের বাইরে যাচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন রেশমা বেগম বলেন, পানি না থাকায় কষ্ট পাচ্ছে রোগীরা। শৌচাগারে পানি নেই। দুর্গন্ধে ওয়ার্ডে থাকা যাচ্ছে না। বাইরে থেকে পানি আনতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবিকা জানান, পানির অভাবে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। ১৭ এপ্রিল থেকে হাসপাতালের পানির পাম্পটি বন্ধ থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জিত কুমার সাহা পানি সংকটের কথা স্বীকার করে বলেন, হাসপাতালের পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে হাসপাতাল এলাকায় কর্মরত জনৈক ঠিকাদারের অস্থায়ী ভিত্তিতে বসানো একটি নলকূপ থেকে পানি সরবরাহের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। সমস্যার ব্যাপারে সিএমএমইউর নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।