নড়াইলকে মাদকমুক্ত করতে সহায়তা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলকে জঙ্গি ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন। খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. দিদার আহম্মেদ পুলিশের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে এক সমাবেশে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পুলিশ প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশস্থলে সমবেত হয়।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. হাবিবুর রহমান পিপিএম, জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য বর্তমান সরকার জঙ্গি ও মাদকবিরোধী অভিযানের ডাক দিয়েছে। এ ডাকে দেশের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশকে মাদক ও জঙ্গিমুক্ত করতে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।

কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন। রুটিরুজির জন্য তাঁদের মাঝে ভ্যান বিতরণ করা হয়।