নড়াইলে অমল সেন কৃষিমেলা শুরু
প্রয়াত কমরেড অমল সেনকে এ দেশের কমিউনিস্টদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মূল্যায়ন করলেন নেতারা। তাঁরা বলেন, সংগ্রাম-সংগঠনে অমল সেনের প্রদর্শিত পথই নিপীড়িত শ্রেণির আলোকবর্তিকা। নেতারা দুরাচারী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, শোষক, সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে রক্ষা পেতে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কমিউনিস্ট ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
গতকাল বুধবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়াতে অমল সেন কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি ও তেভাগা আন্দোলনের সংগঠক অমল সেনের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে আউড়িয়াতে আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী কৃষিমেলা। মেলার আয়োজক অমল সেন কৃষিমেলা উদ্যাপন কমিটি।
এর আগে সকালে অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মেলার সূচনা করেন ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা শাখার সম্পাদক নজরুল ইসলাম।
বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, জেলা প্রশাসক আবদুল গাফ্ফার খান, পুলিশ সুপার মো. আবদুল কাদের, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস প্রমুখ।