নড়াইলে অর্থাভাবে সাংবাদিক দম্পতির চিকিৎসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় আহত নড়াইলের কালিয়া উপজেলার সাংবাদিক দম্পতি মশিউল হক ও রিনা বেগমের চিকিৎসা অর্থাভাবে বন্ধ হয়ে গেছে। চিকিৎসা চালিয়ে না গেলে তাঁরা শারীরিক প্রতিবন্ধী হয়ে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।মশিউল হক সমকাল-এর কালিয়া প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি। তিনি তাঁদের চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীসহ সব মহলের সহায়তা কামনা করেছেন।মশিউল হক জানান, তাঁর বাড়ি উপজেলার কলাবাড়িয়া গ্রামে। ২০১১ সালের ১০ জুলাই গভীর রাতে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় গুলি করে ও বোমা মেরে তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা চালানো হয়। ওই হামলায় তাঁরা গুরুতর আহত হন। এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসীর নানা অপকর্মের প্রতিবেদন প্রকাশসহ নানা কারণে তাঁদের ওপর হামলা চালানো হয়। জানা গেছে, বোমার আঘাতে মশিউলের ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে তাঁর হাতের একটি আঙুল কেটে ফেলতে হয়েছে। এ ছাড়া বোমার স্প্লিন্টার ডান হাত ও পায়ে বিদ্ধ হওয়ায় বর্তমানে তাঁর স্ত্রী রিনা বেগম চলাফেরা করতে পারছেন না। এ পর্যন্ত তাঁরা ঢাকা মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, সাভারের পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্রসহ (সিআরপি) দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। প্রায় দুই বছরেও তাঁরা সুস্থ হতে পারেননি।