নড়াইলে আ.লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মাস হলো দল ক্ষমতায় এসেছে। এখনো তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। সাংসদদের আশীর্বাদপুষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী টেন্ডারবাজি, দখলবাজি, রাস্তার পাশের গাছ কাটাসহ সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। চারদলীয় জোট সরকারের চেয়ে এখন বরং আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা বেশি উপেক্ষিত হচ্ছেন। ভবিষ্যতে মহাজোট সরকারকে ক্ষমতায় দেখতে হলে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ দিতে হবে। গত শনিবার নড়াইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এভাবেই তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোসের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল হানিফ, সাংসদ বি এম মোজাম্মেল হক, মোস্তফা ফারুক, শেখ হারুন-উর-রশিদ, এস কে আবু বাকের, কবিরুল হক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহম্মদ আলী সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০০৪ সালের ৩১ ডিসেম্বর সুবাস বোসকে সভাপতি ও মহম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হলেও একপর্যায়ে তা মেনে নেওয়া হয়। কিন্তু মেয়াদোত্তীর্ণ ওই কমিটির কেন্দ্রীয় বর্ধিত সভা দীর্ঘদিন না হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। প্রধান অতিথি কাজী জাফর উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংকট নিরসন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দলকে ভালোবাসতে হবে।’