নড়াইলে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল-২ আসনের (সদরের একাংশ ও লোহাগড়া) প্রার্থীদের সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন প্রার্থীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তবে প্রার্থীরা দাবি করেছেন, নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে গণসংযোগকালে তাঁরা সমর্থকদের সঙ্গে নিতে বাধ্য হচ্ছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১৪-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সভাপতি শেখ হাফিজুর রহমান নৌকা প্রতীক নিয়ে এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৮ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাঁদের সমর্থকেরা কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা নৌযান নিয়ে মিছিল বা মহড়া দিতে পারবেন না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের সমর্থকেরা ২২ ডিসেম্বর বিকেলে নড়াইল শহর ও শহরতলিতে প্রায় ১০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। শহরের ভ্যানচালক রাসেল শেখ জানান, একটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে লোক ছিলেন। তাঁরা কলস মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন।
লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ গ্রামের সুলতান মোল্লা বলেন, ১৪-দলীয় জোটের প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকেরা ২১ ডিসেম্বর বিকেলে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল নিয়ে উপজেলার জয়পুর, মরিচপাশা, নোয়াগ্রাম, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছেন।
হাফিজুর রহমান বলেন, ‘গণসংযোগকালে মোটরসাইকেলের বহর নেওয়া নীতিগতভাবে আমি অপছন্দ করি। তবে চলমান রাজনৈতিক অস্থিরতায় নিজেকে রক্ষা করার জন্য সমর্থকদের সঙ্গে নিতে হচ্ছে।’
সোহরাব হোসেন বলেন, ‘কারা, কখন, কোথায় আমার পক্ষে মিছিল করছেন, তা বলতে পারব না। তবে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে গণসংযোগকালে নিজের সঙ্গে সমর্থকদের রাখতে হচ্ছে।’
লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উভয় প্রার্থীর সমর্থকেরা প্রতিদিন মোটরসাইকেল শোভাযাত্রা বের করছেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁরা ভোট চাইছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘শুনেছি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উভয় প্রার্থীর সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’