নড়াইলে ইউনিপেটুইউর প্রতিনিধি গ্রেপ্তার
বহুধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর নড়াইল অঞ্চলের প্রতিনিধি পরিচয় দিয়ে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে খান আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত রোববার দুপুরে নড়াইল পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে প্রতারণার শিকার এস এম আলমগীর কবীর নামের এক ব্যক্তি বাদী হয়ে খান আলমগীর ও তাঁর স্ত্রী তহমিনা বেগমকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। আলমগীরের বাড়ি লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামে।ভুক্তভোগী গ্রাহকেরা জানান, আলমগীর হোসেন নিজেকে ইউনিপেটুইউর নড়াইল অঞ্চলের প্রতিনিধি পরিচয় দিয়ে ২০১০ সালের জুলাই থেকে এমএলএম ব্যবসা শুরু করেন। ১০ মাসে বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হওয়ার আশ্বাস দিয়ে এক বছরে তিনি শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নেন। খান আলমগীর হোসেন এসব টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোম্পানির সমস্যা হওয়ায় এসব টাকা আটকে গেছে। আমি এসব টাকা কোম্পানিতে জমা দিয়েছি। নিজে আত্মসাৎ করিনি।’নড়াইলের এসপি সরদার রকিবুল ইসলাম জানান, প্রতারিত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।