নড়াইলে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা
নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. খায়রুজ্জামানকে (৩৫) গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের সুলতান মঞ্চ চত্বরের সামনে এ ঘটনা ঘটে।শিঙ্গাশোলপুর ইউপি সদস্য মো. সোলায়মান শেখ, শোলপুর গ্রামের আবদুল গফফার, সরলা বালাসহ প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানের মুক্তির দাবিতে এলাকার কয়েক হাজার মানুষ সুলতান মঞ্চ চত্বরে জড়ো হয়। বেলা ১১টার দিকে শান্তিপূর্ণ মিছিল বের করতে গেলে পুলিশ বিনা উসকানিতে মিছিলকারীদের বেধড়ক লাঠিপেটা করে। এতে ১৫-১৬ জনের মতো আহত হয়। পরে শহরের নিশিনাথ তলায় সমাবেশ করতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান দাবি করেন, মিছিলে লাঠিপেটা করা হয়নি। বিক্ষোভকারীদের শুধু স্থান ত্যাগ করার কথা বলা হয়েছে।গতকাল সদর থানায় গেলে হাজতে থাকা খায়রুজ্জামান দাবি করেন, তিনি চাঁদাবাজ নন।