নড়াইলে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ইটভাটার সংখ্যা ৩১টি। এর মধ্যে ২১টির জেলা প্রশাসকের দপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতিপত্র (লাইসেন্স) নেই। এ ছাড়া গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ছোট ছোট ইটভাটার সঠিক কোনো পরিসংখ্যান জেলা প্রশাসনের কাছে নেই। প্রায় সবগুলো ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। সরেজমিনে দেখা গেছে, জনবসতি এলাকায় গড়ে ওঠা বেশির ভাগ ইটভাটার ১২০ ফুট উচ্চতার স্থায়ী কোনো চিমনি নেই।কালিয়ার বরদিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শামীমুর রহমান খানের ইটভাটা খান ব্রিকস, একই উপজেলার বাড়ইপাড়ায় সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহার ছেলে সঞ্জীব সাহার সাহা ব্রিকস, নড়াইল পৌরসভার মাছিমদিয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি হাসানুজ্জামানের বিষন ব্রিকসে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। তবে ওই তিনজনই দাবি করেছেন, তাঁদের ইটভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। কালিয়া উপজেলার কাঞ্চনপুরের এআর ব্রিকসের মালিক আমিরুল ইসলাম বলেন, কয়লা দিয়ে ইট পোড়াতে বেশি খরচ হয় বলে বেশির ভাগ ভাটায় কাঠ ব্যবহার করা হচ্ছে। জেলায় বেশির ভাগ ইটভাটার মালিকের কোনো লাইসেন্স নেই। এসব ভাটায় প্রতিদিন হাজার হাজার মণ জ্বালানি কাঠ ব্যবহার করায় বন উজাড় হচ্ছে। তিনি বলেন, এসব ইটভাটার মালিকেরা প্রশাসনের চোখে ধুলো দেওয়ার জন্য ইটভাটার সামনে সামান্য কিছু কয়লার স্তূপ রেখে দেন। বন বিভাগের ডেপুটি রেঞ্জার সামসুল কালাম ভূঁইয়া বলেন, ইটভাটার লাইসেন্স দেওয়ার সময় বন বিভাগকে ডাকা হয় না। ইটভাটা থেকে কাঠ জব্দ করার কোনো ক্ষমতা বন বিভাগকে দেওয়া হয়নি। জেলা প্রশাসক আনোয়ার হোসেন জেলায় লাইসেন্সবিহীন কিছু ইটভাটা থাকার কথা স্বীকার করেছেন। ইটভাটায় কাঠ পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, কাঠ দিয়ে ইট পোড়ানো বন্ধ করা হলে ইটের দাম বেড়ে যাবে। তখন মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ ইট কিনতে পারবে না। তিনি বলেন, জনবলের সংকট থাকা সত্ত্বেও গত বছর বিভিন্ন ভাটায় অভিযান চালিয়ে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।