নড়াইলে উদীচীর সংগীত সম্পাদককে বেধড়ক মারধর
নড়াইলের কালিয়া উপজেলার উদীচী শিল্পীগোষ্ঠীর বড়দিয়া শাখার সংগীত বিভাগের সম্পাদক পলাশ দাসকে বুধবার রাতে বড়দিয়া বাজারে সন্ত্রাসীরা বেধড়ক মারধর করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পলাশ বড়দিয়া বাজারের একটি সেলুনের সামনে বসেছিলেন। নছিমনচালক ইকরামের ছেলে বাবু পলাশ দাসকে ডেকে কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানের বাসার সামনে ডেকে নেন। এরপর উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী অমিত ও তাঁর সহযোগী দেবু পলাশ দাসকে বেধড়ক পিটিয়ে রাস্তার ওপর ফেলে রেখে চলে যান। পলাশ দাস দাবি করেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করায় তাঁর ইঙ্গিতে অমিত ও দেবু তাঁকে পিটিয়েছেন। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অমিত ও দেবুকে পাওয়া যায়নি। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন বলেন, ‘বড়দিয়া পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক নুরুজ্জামান মারধরের বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেননি।’উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান বলেন, ‘শুনেছি, পলাশের সঙ্গে আমার দেহরক্ষীর কথা-কাটাকাটি নিয়ে ধস্তাধস্তি হয়েছে। তবে তাঁকে পেটানো হয়নি।’