সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা অমূলক প্রমাণ করে উৎসবমুখর ভোট হয়েছে নড়াইলে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের কঠোর ভূমিকাকে কৃতিত্ব দিয়ে প্রার্থী ও ভোটারেরা বলছেন, ভোটের আগেও এ রকম অবস্থান নিতে পারলে কোনো সহিংসতা হতো না। গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন-পূর্ব একাধিক সহিংসতা ও হতাহতের ঘটনায় কালিয়ার ছয়টি ইউপির নির্বাচন নিয়ে আশঙ্কা ছিল বেশি। স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্বের জের ধরে কালিয়ার প্রতিটি ইউপিতে দলটির বিদ্রোহী প্রার্থী ছিলেন। সে কারণে এসব ইউপিতে সংঘাতের আশঙ্কা ছিল প্রবল। লোহাগড়ার কয়েকটি ইউপিতেও বিদ্রোহী প্রার্থী নিয়ে টানাপোড়েনে ছিল ক্ষমতাসীন দল। সব ইউপিতে বিএনপির উপস্থিতি নামকাওয়াস্তে থাকলেও ভোটের দিন তাদের সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
গতকাল ভোটের দিন প্রথম আলোর পক্ষ থেকে কালিয়ার পাঁচটি ইউপির অন্তত ২৭টি কেন্দ্র এবং লোহাগড়ার চারটি ইউপির ১৩টি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। কেন্দ্রের বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রের ভেতরে প্রায় সব প্রার্থীর এজেন্টের উপস্থিতিও ছিল।
সকাল আটটায় কালিয়ার সালামাবাদ ইউপির হাঁড়িভাঙ্গা ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে কথা হয় ভোটার আবদুস সালামের সঙ্গে। ভোট দিতে ঢাকা থেকে গ্রামে এসেছেন। তিনি বলেন, ‘ভয়ে ভয়ে বাইরে এসেছি। কিছু আশঙ্কাও ছিল। কিন্তু দেখছি কোনো সমস্যা নেই।’