নড়াইলে করোনায় দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নড়াইল জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩০। একই সময়ে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৫০) মারা যান। সদর উপজেলার বিছালী ইউনিয়নের বাসিন্দা মিজানুর ৩ জুন করোনায় আক্রান্ত হন। পরদিন তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনায় নেওয়া হয়। এর আগে গতকাল সকাল আটটার দিকে নড়াইল সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ময়েনউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। ময়েনউদ্দিন নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

এদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নড়াইলে ১২০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৩৩ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় ২০ জন করে এবং কালিয়া উপজেলায় ৬ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ২০৬। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ২০৫, লোহাগড়া উপজেলায় ৭৮৪ ও কালিয়া উপজেলায় ২১৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ৫ দিনে শনাক্তের হার ২৫ থেকে ৪৯ শতাংশ।

নড়াইল সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান মৃধা মো. শহীনুজ্জামান বলেন, জেলায় সংক্রমণ আগের চেয়ে অনেক বেড়েছে। প্রতিদিনই হাসাপাতালে করোনা রোগী ভর্তি হচ্ছেন। আজ দুপুর পয৴ন্ত হাসপাতালে ১৯ করোনা রোগী ভর্তি আছেন। করোনা ইউনিটে কেন্দ্রীয় অক্সিজেন–ব্যবস্থা থাকলেও আইসিইউ, ভেন্টিলেটরসহ অন্যান্য সুবিধা নেই। ফলে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে।