নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নড়াইলে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সদর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আলমের জারি করা এই সমনে খালেদা জিয়াকে আগামী ২৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তাঁর এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়।
খালেদা জিয়ার এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ২৪ ডিসেম্বর দুপুরে সদর আমলি আদালতে মামলা করেন কালিয়া উপজেলার পহরডাঙ্গি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হান ফারুকী। একই অভিযোগে ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার নামে আরও একটি মামলা করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ।