নড়াইলে গরু মোটাতাজা হয়েছে ৪০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের ছাউনির গোয়ালঘরের মেঝে পাকা। মশা-মাছির অত্যাচার থেকে রেহাই পেতে টাঙানো হয়েছে মশারি। রয়েছে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। এই চিত্র নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার উত্তরা ডেইরি ফার্মের। এর মালিক স্থানীয় বাসিন্দা হাবিব মোল্লা। তাঁর খামারে ১৯টি গরু রয়েছে। এগুলো তিনি এবার কোরবানির ঈদে বিক্রি করবেন।

হাবিব মোল্লা তিন বছর ধরে মোটাতাজাকরণ পদ্ধতির মাধ্যমে গরু কেনাবেচা করে আসছেন। জেলার বিভিন্ন পশুর হাট থেকে দেড় থেকে দুই বছরের এঁড়ে বাছুর ৪০-৫০ হাজার টাকার মধ্যে কিনে আনেন। পরে সেগুলো মোটাতাজাকরণ করেন। পাঁচ-ছয় মাস পর সেগুলো বিক্রি করে থাকেন। কোরবানির ঈদের জন্য তিনি ১৯টি গরু মোটাতাজা করেছেন। এগুলো বিক্রি করে আরও বড় খামার করার স্বপ্ন দেখছেন তিনি।

হাবিব মোল্লা প্রথম আলোকে বলেন, বর্তমানে প্রতিদিন প্রতিটি গরুর পেছনে গড়ে ৩০০ টাকা খরচ হচ্ছে। ইতিমধ্যে প্রতিটি গরুর দাম উঠেছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। তিনি প্রতিটি গড়ে ১ লাখ ২৫ থেকে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করতে চান।

হাবিব মোল্লার মতো এই জেলার অনেক খামারি কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটাতাজাকরণ করেছেন। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার কোরবানি উপলক্ষে ছোট-বড় ৪ হাজার ৮৪৫টি খামারে প্রায় ৪০ হাজার গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। সদর উপজেলায় খামারের সংখ্যা ১ হাজার ২১০টি, লোহাগড়ায় ১ হাজার ৮২২ এবং কালিয়া উপজেলায় ১ হাজার ৮১৩টি। ঈদে এবার ২৪ হাজার ৫৩১টি গরুর চাহিদা রয়েছে।