নড়াইলে গলফ ক্লাবে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে হামলার প্রতিবাদে সভা হয়েছে। গতকাল মঙ্গলবার ক্লাবের সভাকক্ষে এ সভা হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করা হয়। এতে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্লাবের উপব্যবস্থাপনা পরিচালক মো. ইরফান আহম্মেদ বলেন, উপজেলার পানিপাড়া গ্রামে গলফ ক্লাবের কিছু জমির মালিকানা নিয়ে পাশের খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছে। মিজানুর কয়েক বছর ধরে গলফ ক্লাবের ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে আসছেন। ২৯ জুন ভোরে তিনি শতাধিক লোক নিয়ে এসে একটি মাঠের চার পাশের গাছপালা কেটে ফেলেন। তা ছাড়া ভ্রাম্যমাণ শৌচাগার ও খেলোয়াড়দের পোশাক বদলের ঘর ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা হয়েছে। কিন্তু মামলার পর রিসোর্টের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দীন আহম্মেদকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

গতকাল প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তরিকুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকাল সরেজমিনে দেখা গেছে, গলফ ক্লাবের পুব পাশের মাঠের চারপাশের গাছপালা কেটে ফেলা হয়েছে। মাঠের পাশে ভ্রাম্যমাণ শৌচাগার ও খেলোয়াড়দের পোশাক পরিবর্তনের কক্ষ ভাঙচুর করা।

জানতে চাইলে মিজানুর রহমান বলেন, রিসোর্টের মালিক খবির উদ্দীন আহম্মেদ তাঁর (মিজানুর) কেনা জমি দখল করে রেখে ব্যবসা করছেন। বিষয়টি জানালে গ্রামের মানুষ জমি উদ্ধার করেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে জমির মালিকানার দাবিতে মিজানুর আদালতে মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।