নড়াইলে গৃহবধূ এসিডদগ্ধ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার কর্মচন্দ্রপুর গ্রামে স্বামীর পরকীয়া ও বিবাহে বাধা দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ শাহানারা খানমকে (৩২) এসিডে ঝলসে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী এস এম মনিরুজ্জামানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের কোবাদ মোল্লার ছেলে এস এম মনিরুজ্জামানের সঙ্গে একই উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকড়া গ্রামের খন্দকার দ্বীন মোহাম্মাদের মেয়ে শাহানারা খানমের বিয়ে হয়। ১২ বছরের দাম্পত্য জীবনে তাঁদের সাকিব আল হাসান (৬) নামের একটি সন্তান রয়েছে। গতকাল শনিবার নড়াইল সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, শাহানারা মহিলা ওয়ার্ডের বারান্দায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তিনি বলেন, ‘আট মাস আগে আমার স্বামীর সঙ্গে মোবাইলে লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের এক তরুণীর সম্পর্ক হয় এবং এর কিছুদিন পর তিনি তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী আমার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন। একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি নির্যাতন সহ্য করেও ওই পরিবারে থাকার চেষ্টা করি। গত বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামী তাঁর দুজন সঙ্গীকে নিয়ে আমাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে আমার বুক, পিঠ ও ডান পায়ের উরু পর্যন্ত ঝলসে যায়।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জিত কুমার সাহা বলেন, ‘শাহানারাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া প্রয়োজন।’