নড়াইলে গৃহবধূ খুন অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামে এক গৃহবধূর লাশ গলায় ওড়না ও তার পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। গৃহবধূর স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, পাঁচ বছর আগে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের সামাদ মোল্যার মেয়ে শিমুলের বিয়ে হয় বড়গাতি গ্রামের মোদাচ্ছের মোল্যার ছেলে শাহিন মোল্যার (৩০) সঙ্গে। তাঁদের দেড় বছরের একটি ছেলে রয়েছে।শিমুলের ভাই শফিকুল ইসলাম অভিযোগ করেন, বিয়ের পর বিভিন্ন সময় শাহিনের দাবি করা যৌতুক দেওয়া হয়েছে। সম্প্রতি শিমুলকে তাঁর বাবারবাড়ি থেকে আবারও টাকা আনতে বলেন শাহিন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে দুজনের ঝগড়া হয়। গত শুক্রবার সকালে লাশ উদ্ধারের সময় শিমুলের হাঁটু মাটি পর্যন্ত ছোঁয়া ছিল এবং গলায় ওড়না ও তার জড়ানো ছিল। তিনি বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বোনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গলায় তার পেঁচিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।’শনিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, শিমুলের পা মাটিতে লাগা ছিল। গলায় পেঁচানো তার ও ওড়না পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও জানান, শাহিনের পরিবার বর্তমানে বাড়িছাড়া।