নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়া খানকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়দিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে অন্তত ১৫ জন আহত হন।নড়াইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউল আলম গতকাল মঙ্গলবার নড়াগাতি থানা পরিদর্শন শেষে রাত পৌনে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি। বাদীপক্ষের বক্তব্য সম্পূর্ণ সত্য নয়। তাঁদের মামলার আরজি সংযোজন-বিয়োজন করে আগামীকাল (বুধবার) থানায় দেওয়ার জন্য বলেছি।’আহত জিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত সোমবার রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জনের একটি সশস্ত্র দল বৃহস্পতিবার জিয়াকে কুপিয়ে জখম করে। জিয়ার ভাই আজাদ খান গতকাল প্রথম আলোকে জানান, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুর রহমান দাঁড়িয়ে থেকে তাঁর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে এ ঘটনা ঘটান। এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি।অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান শামীমুর রহমান বলেন, একটি ভ্যানচালকের সঙ্গে ভাড়া নিয়ে জিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই চালককে জিয়া মারধর করেন। পরে ভ্যানচালক তাঁর আত্মীয়স্বজন নিয়ে জিয়ার ওপর হামলা চালান। চেয়ারম্যান আরও জানান, এ ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। একটি পক্ষ তাঁকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি জানান।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দাবি করেন, হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।