নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ব্যক্তিগত অর্থায়নে নির্মিত একটি সেতু গত সোমবার উদ্বোধন করা হয়েছে। বুড়ি ভৈরব নদের ওপর এই সেতুটি নির্মিত হওয়ায় শেখহাটি ইউনিয়নের আটটি এবং বসুন্দিয়া ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে।শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা ওরফে মাসুম গাজীর ব্যক্তিগত অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট চওড়া সেতুটি নির্মাণ করা হয়েছে। সোমবার বিকেলে সেতুটি উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল হক। এ সময় নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আবদুল সাদী, ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মেদ, মাসুম গাজীসহ এলাকার কয়েক শ লোক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, ‘চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত উদ্যোগে সেতুটি নির্মাণ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে যদি জনপ্রতিনিধি ও সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতেন তাহলে আমাদের সমাজের অনেক সমস্যা সমধান হতো। সেতুটি শুধু শেখহাটি ও বসুন্দিয়া ইউনিয়নবাসীরই নয়—নড়াইল সদর, যশোর সদর ও অভয়নগর উপজেলার জনসাধারণের যোগাযোগের ক্ষেত্রেও যুগান্তকারী ভূমিকা রাখবে।’শেখহাটি ইউপি চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ নদী পারাপারে দুর্ভোগের শিকার হতো। শেখহাটি এলাকার অনেক শ্রমিককে পাশের যশোর নওয়াপাড়া ও বসুন্দিয়া এলাকায় শিল্পকারখানায় কাজ করে অনেক রাতে বাড়ি ফিরতে বিড়ম্বনায় পড়তে হতো। সেতুটি নির্মিত হওয়ায় এখন থেকে তাঁদের আর নৌকার অপেক্ষায় বসে থাকতে হবে না।