নড়াইলে জমি ও চিংড়িঘের হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত নবগঙ্গা নদীর তীরের প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজের জন্য এক বছর আগে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রে অংশ নেওয়া দুই ঠিকাদার আদালতে মামলা করায় এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। এতে জেলার তিনটি উপজেলার ১৭২টি গ্রাম এবং পাটেশ্বরী-চাচুড়ি বিলের কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও আড়াই হাজার চিংড়িঘের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের বন্যায় নবগঙ্গা নদীর পানির চাপে নোয়াগ্রামে প্রতিরক্ষা বাঁধের প্রায় এক হাজার মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পাউবো ওই ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের জন্য ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে। এ কাজের জন্য ১০ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।দরপত্রে অংশ নেওয়া সর্বনিম্ন দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠানকে (টিবিএলএইচটিসি, ঢাকা) কার্যাদেশ দেওয়ার আগেই দ্বিতীয় দরদাতা (এইচবিকেএমআইটিআই, ঢাকা) পাউবোর সিপিটিইউতে (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) অভিযোগ করে। দ্বিতীয় দরদাতা নিজেকে সর্বনিম্ন দরদাতা দাবি করে পাউবোর কাছে এ অভিযোগ করে। এতে পাউবো ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করে আবার ১৮ আগস্ট দরপত্র আহ্বান করে। এর পরিপ্রেক্ষিতে ওই দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান হাইকোর্টে পৃথকভাবে রিট করে। আদালত শুনানি শেষে সর্বনিম্ন দরদাতার পক্ষে চলতি বছরের ২৪ মার্চ রায় ঘোষণা করেন।পাউবোর নড়াইলের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার সরকার বলেন, তাঁরা সর্বনিম্ন দরদাতার পক্ষে আদালতের রায় ঘোষণার বিষয়টি গত ২৯ মার্চ চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কিন্তু সেখান থেকে এখনো কোনো নির্দেশনা না আসায় বাঁধ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি।সরেজমিন দেখা গেছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় কালিয়া, লোহাগড়া ও সদর উপজেলার ১৭২টি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে নদীর তীরের বাসিন্দারা তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে। পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন, এখানে ভাঙন শুরু হলে পাটেশ্বরী ও চাচুড়ি বিলের কয়েক হাজার হেক্টর ফসলি জমি, আড়াই হাজার চিংড়িঘেরসহ তিন উপজেলার ১৭২টি গ্রাম প্লাবিত হবে। এতে প্রায় দেড় লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক জানান, বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করার ব্যাপারে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে।